জ্যোতি বসুর শারীরিক অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কলকাতার সল্টলেকে বেসরকারি এএমআরআই হাসপাতালে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। হাসপাতালের নির্বাহী পরিচালক ভি এন আগরওয়াল গতকাল শনিবার দুপুরে এক বুলেটিনে এ কথা বলেন। আগরওয়াল বলেন, জ্যোতি বসুর প্রস্রাবের পরিমাণ কমে গেছে। কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। হূদস্পন্দন ওঠানামা করছে। ফুসফুসে জমে গেছে পানি। একাধিক অঙ্গপ্রত্যঙ্গে সমস্যা দেখা দিয়েছে। জ্যোতি বসুর একমাত্র পুত্র চন্দন বসু গতকাল বলেছেন, বাবার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথামতো এএমআরআই হাসপাতালের মেডিকেল বোর্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমসের পরামর্শ নিয়েছে। মনমোহন সিংয়ের নির্দেশে জ্যোতি বসুর চিকিত্সার ব্যাপারে এইমস হাসপাতালে পাঁচজন বিশেষজ্ঞ চিকিত্সক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১ জানুয়ারি এএমআরআই হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার গভীর রাতে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়। বিশেষ ব্যবস্থায় নল দিয়ে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে।