জ্যোতি বসুর সংকট কাটেনি
ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসু এখননো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লি থেকে কলকাতায় এসে জ্যোতি বসুকে দেখে গেছেন। গত বুধবার রাতে চিকিত্সকেরা জানান, জ্যোতি বসু এখন অ্যান্টিবায়োটিকে সামান্য সাড়া দিলেও তাঁর সংকট কাটেনি।জ্যোতি বসুর সংকটজনক অবস্থার খবর শুনে গতকাল কলকাতায় ছুটে যান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। জ্যোতি বসুকে দেখে তিনি চিকিত্সকদের কাছে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। জ্যোতি বসুর দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, চিকিত্সার জন্য ভারতের কোনো বিশেষজ্ঞ চিকিত্সকের প্রয়োজন হলে তিনি সে ব্যবস্থা করবেন। জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরে তিনি দিল্লিতে ফিরে যান।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার সল্টলেকের এএমআরআই হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার গভীর রাতে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ভেনটিলেশনে রাখা হয়। এখনো অচেতন অবস্থায় রয়েছেন জ্যোতি বসু। বিশেষ ব্যবস্থায় নল দিয়ে তরল খাদ্য দেওয়া হচ্ছে তাঁকে।জ্যোতি বসুর চিকিত্সার জন্য ডা. এ কে মাইতির নেতৃত্বে আট সদস্যের একটি চিকিত্সা দল গঠন করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণে। গতকাল বেলা ১২টায় চিকিত্সা দল জ্যোতি বসুর শারীরিক অবস্থার পর্যালোচনা করেন। পরে এক বুলেটিনে জানানো হয়, জ্যোতি বসুর সংকট এখনো কাটেনি।বৃহস্পতিবার জ্যোতি বসুকে দেখতে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল দেবানন্দ কুঁয়ার, লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক প্রকাশ কারাত প্রমুখ।জ্যোতি বসুর আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল।