জ্যোতির্বিদ্যার খোশখবর
লেখক: ইয়াকভ পেরেলমানদাম: ১৫০ টাকা৪০০ বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন, আর এর পূর্তিতে গত বছর পালিত হয় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও অনুষ্ঠিত হয় নানা আয়োজন। জ্যোতির্বিজ্ঞানের নানা খবর আর মূল তথ্য নিয়ে রাশিয়ার বিজ্ঞান লেখক ইয়াকভ পেরেলমান জ্যোতির্বিজ্ঞানের খোশখবর লিখেছিলেন। দীর্ঘদিন পর সেই মূল বইয়ের অনুবাদ করেছেন শুভময় ঘোষ। সম্পাদনা করেছেন সুব্রত দেবনাথ। বইটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী।পাঁচটি পরিচ্ছেদের বইটিতে পৃথিবী, তার আকার ও গতি, চাঁদ আর তার গতি, গ্রহ, তারা, মাধ্যাকর্ষণ বিষয়ে রয়েছে বিভিন্ন আলোচনা। মাটিতে আর মানচিত্রে কোন পথ সবচেয়ে ছোট, সময় মাপার পাঁচটি উপায়, কতক্ষণ থাকে দিনের আলো, মাস আর বছর শুরু হয় কোত্থেকে, ফেব্রুয়ারি মাসে কয়টা শুক্রবার ইত্যাদি বিষয়ে রয়েছে তথ্য। এ ছাড়া চাঁদ আর সূর্য পড়ে না কেন, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন, কেনই বা জ্যোতির্বিদেরা গ্রহণ দেখেন আর চাঁদের আবহাওয়াটাই বা কী রকম—এমন সব আকর্ষণীয় নানা বিষয় জানা যাবে এ বইয়ে। এসব ছাড়া এ বইয়ে নাক্ষত্র বীজগণিত, তারাদের ব্যাস মাপা, নাক্ষত্রের দূরত্ব মাপা, সৌরমণ্ডলের সীমানা ইত্যাদির তথ্যও চিত্রের সাহায্যে ব্যাখ্যা পাওয়া যাবে। জ্যোতির্বিদ্যা নিয়ে আগ্রহীরা নিজেদের নানা ধরনের জানার আগ্রহ মেটাতে পারবেন বইটি পড়ে। নুরুন্নবী চৌধুরী