জ্যোতিষ মুনাফ শাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতিষ মুনাফ শাহ্ হাত দেখেন। তিনি গাবতলী বাসস্ট্যান্ডের পাশে বসেন সোম ও মঙ্গলবার। সপ্তাহের অন্য দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে বসেন। মুনাফ শাহ্ জানান, তিনি ২০ বছর ধরে এই পেশায় আছেন। ছাত্রজীবনে তিনি শখের বশে হাত দেখা শিখেছিলেন। আশির দশকে তিনি ঢাকার একটি কলেজে অফিস সহকারীর চাকরি করতেন। ১৯৮৫ সালে একটি খুনের মামলায় জড়িয়ে যান তিনি। এ জন্য তাঁকে জেলে যেতে হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার সময় কয়েদিদের হাত দেখতে শুরু করেন। জনপ্রতি দুই থেকে পাঁচ টাকা নিতেন। এতে তাঁর পান-বিড়ির খরচ হয়ে যেত।ছয় বছর পর মুনাফ শাহ্ জেল থেকে খালাস পান। জেল থেকে বেরিয়ে চাকরি আর ফেরত পাননি। বাধ্য হয়ে তিনি গুলিস্তান এলাকায় হাত দেখতে বসেন। তিনি জানান, প্রথম প্রথম খুব খারাপ লাগত। নিজেকে ফুটপাতের হস্তরেখাবিদ হিসেবে মেনে নিতে পারছিলেন না। স্কুল-কলেজে পড়ার সময় সোলেমানিয়া লাইব্রেরির হস্তরেখাবিষয়ক কিশোর বই পড়েছেন। বাংলায় লেখা দেশ-বিদেশের হস্তরেখার ওপর কিছু প্রবন্ধও পড়েছেন মুনাফ শাহ্।দীর্ঘদিন ধরে হাত দেখতে দেখতে অভিজ্ঞ জ্যোতিষ হয়ে উঠেছেন তিনি। ‘হাত দেখে অনেক কিছুই বলে দিতে পারি। হাতের রেখা বিচার-বিশ্লেষণ করে, গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে পাথর দিই।’ বলছিলেন মুনাফ শাহ্।হাত দেখে ভাগ্য গণনা করতে ৩১ টাকা নেন তিনি। তিনি জানান, জ্যোতিষশাস্ত্র তাঁর চেয়ে কম জেনেও অনেকে বড় বড় মার্কেটে অফিস নিয়ে বসেছেন। তাঁরা প্রচুর টাকা নেন হাত দেখতে। অনেক মানুষ হস্তরেখায় বিশ্বাস করেন। আবার অনেকে পুরো বিষয়টিকে ভুয়া মনে করেন। যাঁরা বিশ্বাস করেন, তাঁরা মন-প্রাণ থেকেই বিশ্বাস করেন। মুনাফ শাহ্ বছর খানেক আগে মিরপুরের দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছিলেন। সেখানে তাঁর মোবাইল নম্বর ছিল। এরপর অনেকে তাঁকে বাসায় ডেকে নিয়ে যান। তাঁরা তাঁকে খুব সম্মান করেন।মুনাফ শাহ্র দৈনিক আয় ৪০০ থেকে ৫০০ টাকা। গাবতলীর একটি মেসে থাকেন। তিনি জানান, প্রতিদিন বাইরে খরচ হয় ১৫০ টাকার মতো। দেশের বাড়িতে মাসে মাসে কিছু টাকা পাঠান। তাঁর দেশের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর গ্রামে। মুনাফ শাহ্র বাড়িতে আছেন তাঁর স্ত্রী ও চার মেয়ে। মেয়েরা পড়াশোনা করছে। মুনাফ শাহ্ মাঝেমধ্যে বাড়ি যান। তিনি জানান, তাঁর বড় মেয়ে রিনাও হাত দেখার চর্চা করে। তার কলেজের শিক্ষক পর্যন্ত রিনাকে হাত দেখান। মুনাফ শাহ্ যাত্রাপালাও লেখেন। তিনি এ পর্যন্ত ২৫টির মতো পালা লিখেছেন।