জ্যোৎস্নার কোলজুড়ে ‘মহাসেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেন চলে গেছে, কিন্তু জ্যোৎস্না বেগমের কোলে রেখে গেছে তার চিহ্ন। এই গৃহবধূর কোল আলো করে এসেছে একটি শিশু। তার নাম রাখা হয়েছে ‘মহাসেন’। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ইউপি কমপ্লেক্স ভবনে শিশুটি জন্ম নেয়।ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে—এমন আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে যান জ্যোৎস্না। গত বুধবার রাতে সেখানেই ছিলেন। সারা রাত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। নিজের ঘরটি পড়ে যায় কি না, এমন শঙ্কা নিয়ে কেটে যায় রাত। গতকাল ভোর পাঁচটায় অস্বস্তি বোধ করতে থাকেন তিনি। জ্যোৎস্নার সঙ্গে থাকা মা রাজ বেগম (৫৫) ঠিকই বুঝে নেন, সন্তান প্রসবের দেরি নেই। সকাল ছয়টার দিকে জ্যোৎস্না একটি ছেলেশিশুর জন্ম দেন।গতকাল বেলা তিনটায় সরেজমিনে দেখা গেছে, আশ্রয়কেন্দ্রের দ্বিতীয় তলার একটি কক্ষে নবজাতককে কোলে নিয়ে বসে আছেন রাজ বেগম। পাশেই মেঝেতে শুয়ে আছেন জ্যোৎস্না। তাঁর স্বামী পশ্চিম বোয়ালিয়া গ্রামের ফারুক মৃধা বলেন, ‘শিশুটিকে পেয়ে আমরা অনেক খুশি। কিন্তু ঘূর্ণিঝড়ে সকাল ১০টার দিকে আমাদের বসতঘরটি ভেঙে পড়েছে, এই যা কষ্ট।’রাজ বেগম জানান, শিশুটির জন্মের সময় ধাত্রী হিসেবে তিনিই কাজ করেছেন। মা-শিশু দুজনই সুস্থ। আশ্রয়কেন্দ্রের সবার অনুরোধে নাতির নাম মহাসেন রাখা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ‘নবজাতক ও প্রসূতির স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে বলেছি।’