শেয়ারবাজারে আর্থিক কেলেঙ্কারি ও ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় দায়ী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি মাসেই মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে কমিশনে জমা দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক আকতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচজনের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এঁরা হলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া ও তাঁর স্ত্রী রুকসানা আকতার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবেক কর্মকর্তা ও বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমেদ চৌধুরী এবং তাঁর স্ত্রী ফারজানা আকতার ও তাঁদের আত্মীয় মুনছুর বিল্লাহ। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে কমিশনের নিয়মিত কার্যক্রমের তালিকা উপস্থাপন করেন দুদকের মহাপরিচালক ও মুখপাত্র ফর্রুখ আহমেদ। এক প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, শেয়ারবাজারের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার জন্য আনুষঙ্গিক প্রক্রিয়া শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের প্রত্যেকের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে সরকারের তদন্ত কমিটির সঙ্গে দুদকের তদন্ত কমিটির কোনো ধরনের যোগাযোগ নেই উল্লেখ করে মহাপরিচালক বলেন, শেয়ারবাজারে সংঘটিত অনিয়মের যেসব ক্ষেত্র দুদকের আইন ও নীতিমালার আওতায় পড়েছে, দুদক শুধু সেসব বিষয়ে তদন্ত করছে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়রানিমূলক কি না, জানতে চাইলে ফর্রুখ আহমেদ বলেন, ‘দুদক স্বাধীন ও নিরপেক্ষ। কাউকে হয়রানি করার জন্য দুদক মামলা করে না।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অনুসন্ধান শেষে এই মামলা দায়ের করা হয়েছে।.. মন্ত্রী-আমলাদের বিরুদ্ধেও এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে দুদক মামলা করতে পিছপা হবে না।’ ভারতের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নিয়ে আওয়ামী লীগ গত নির্বাচনে জিতেছে বলে দি ইকোনমিস্ট পত্রিকার প্রতিবেদন সম্পর্কে দুদক তদন্ত করবে কি না—এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এ বিষয়ে কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গত জুলাই মাসে ৬৫৬টি অভিযোগ কমিশনে এসেছে। এর মধ্যে ১২৯টির অনুসন্ধান চলছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে ৪২টি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। এসব মামলায় অভিযুক্ত করা হয়েছে ৫৩ জন সরকারি, বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীকে। একই সঙ্গে ৯৩ জনের বিরুদ্ধে ৫১টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে ২১ জন সরকারি ও বেসরকারি চাকরিজীবীকে।