একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেননি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। তাঁকে গতকাল বৃহস্পতিবার সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা এ কথা জানায়।আন্তর্জাতিক অপরাধ তদন্তের জন্য গঠিত সংস্থা সাঈদীকে গতকাল ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন ও কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক উপস্থিত ছিলেন।জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান সাংবাদিকদের বলেন, সাঈদী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে গেছেন কিংবা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘কিন্তু অনেক সময় মিথ্যা বললেও সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আমরা সন্তুষ্ট। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত জিজ্ঞাসাবাদে প্রমাণিত হয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কি না, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’হান্নান খান বলেন, জিজ্ঞাসাবাদের সময় সাঈদী স্বীকার করেছেন যে একাত্তরে গণহত্যা, ধর্ষণ, হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করার মতো মানবতাবিরোধী ঘটনা ঘটেছিল। আর এ কাজে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে। পরে সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সাঈদী অসুস্থ। তাঁর ঘাড়ে ব্যথা রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশনা থাকার পরও কারা কর্তৃপক্ষ সাঈদীকে বারডেম হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছে না। এই নিয়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চারজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো।