জড়িত থাকার কথা বললেন আজিজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আর্থিক সুবিধা নিয়ে হলমার্ক গ্রুপকে অর্থ আত্মসাতে সাহায্য করার কথা স্বীকার করেছেন সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া কর্মকর্তা আজিজুর রহমান।গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে প্রথম দিনের রিমান্ডে এসব তথ্য দেন আজিজুর রহমান। ২৪ দিনের রিমান্ড চলাকালে রাতে তাঁকে পল্টন থানায় রাখা হচ্ছে বলে জানান দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মীর মো. জয়নুল আবেদীন। হলমার্কের তানভীর ও তুষারকেও জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, জাল-জালিয়াতি রোধে ব্যাংক-গুলোর শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মকর্তাদের তিন বছর পর পর এক শাখা থেকে অন্য শাখায় বদলি করা হয়। কিন্তু সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওই শাখার দায়িত্বে ছিলেন। এতে করে তানভীরের মালিকানাধীন হলমার্কসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে ওইসব জালিয়াতি করার সুযোগ পেয়েছিলেন আজিজুর রহমান। আর ওই পদে থাকার জন্য সরকার ও ব্যাংকের উচ্চ পর্যায় থেকেও সহায়তা পেয়েছিলেন তিনি। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলোকে এসব তথ্য জানায়।গত ৪ সেপ্টেম্বর হলমার্ক কেলেঙ্কারিতে রাজধানীর রমনা থানায় হলমার্কের এমডি তানভীর, তাঁর স্ত্রী ও চেয়ারম্যান জেসমিন, পরিচালক তুষার, ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমানসহ মোট ২৭ জনকে অভিযুক্ত করে ১১টি পৃথক মামলা করে দুদক। সোনালী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাদের যোগসাজশে হলমার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠান প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ করে। এর মধ্যে হলমার্ক একাই লোপাট করে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা।এদিকে মঙ্গলবার সকালে হলমার্কের সঙ্গে একই উপায়ে ৬৬ কোটি ৩৬ লাখ টাকা সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে আত্মসাতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নকশী নিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক ও চেয়ারম্যান আমেনা বেগমকে। এ বিষয়ে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের দলটি তাঁদের জিজ্ঞাসাবাদ করে।