সাভারে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা তিনজনই চিহ্নিত সন্ত্রাসী। তাঁরা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। গত শুক্রবার সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটার দিকে গৃহবধূ তাঁর স্বামীর সঙ্গে সাভারের বক্তারপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রাতে সাভারে থাকার কথা থাকলেও এক আত্মীয়ের অনুরোধে তাঁরা রাত সাড়ে ১১টার দিকে জিরানীর উদ্দেশে বাসা থেকে বের হন। রাত ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে থেকে গ্রামীণ সেবা পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই বাসের দরজা-জানালা বন্ধ করে যাত্রীবেশী সন্ত্রাসীরা চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় সাভারের হেমায়েতপুর থেকে বাসসহ চালক ইব্রাহিম, চালকের সহকারী সুজন ও ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাভার থানার পুলিশ জানায়, ইব্রাহিম, সুজন আর ফিরোজ চিহ্নিত সন্ত্রাসী। তাঁরা সাভার পৌরসভার জালেশ্বর, সবুজবাগ ও শাহীবাগ এলাকায় থাকেন। তাঁরা দিনে বাসের চালক ও সহকারী হিসেবে চাকরি করতেন। আর রাতে বাসে যাত্রীবেশী সন্ত্রাসী তুলে ঢাকা-আরিচা মহাসড়কসহ নবীনগর-কালিয়াকৈর সড়কে ছিনতাই করতেন। পুলিশি হেফাজতে ইব্রাহিম স্বীকার করেন, নিহত গৃহবধূ ও তাঁর স্বামী বাসে ওঠার পর বাসে থাকা অন্যরা গৃহবধূকে টানাহেঁচড়া করতে থাকেন। এ সময় গৃহবধূ ভয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়লে চাকায় পিষ্ট হয়ে মারা যান। তিনি স্বীকার করেন, ছিনতাইয়ের উদ্দেশ্যেই কৌশলে দুজনকে তাঁরা বাসে তোলেন। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাইসার মাতুব্বর বলেন, বাসে মোট আটজন ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বাকি পাঁচজনের নাম-পরিচয় বলেছেন। তিনজনকে গ্রেপ্তারের পর অন্য আসামিদের সঙ্গে একত্র করে বাদীকে দেখানো হয়। বাদী তাঁদের শনাক্ত করেন।