জড়িত পাঁচ ভাড়াটে খুনি, আ.লীগের দুই পক্ষ একে অপরকে দুষছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ছাত্রলীগের নেতা রিপন হোসেন ওরফে দাদা রিপনকে হত্যা করেছে ভাড়াটে পাঁচ খুনি। নেপথ্যে ছিল স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কোনো না কোনো নেতার হাত। আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের নেতারাই এ বিষয়ে একমত। তাঁরা পৃথক সংবাদ সম্মেলন করে তা দাবিও করেছেন। তবে উভয় পক্ষই দুষছে একে অন্যকে। উভয় পক্ষই খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে। রিপনের বাবার করা মামলার এজাহারে খুনি হিসেবে উল্লেখ করা হয় ইকবাল (২৫), হাফিজুর রহমান (২৪), মো. শামীম (২২), মিকাইল (২৫) ও শাহজাহানের (২৪) নাম। ইকবালের বাড়ি সদর উপজেলার রঘুরামপুরে। বাকিদের বাড়ি পাশের গ্রাম বড় ভেকুটিয়ায়। অঁরা সবাই মাদকসেবী ও ফেনসিডিল ব্যবসায়ী হিসেবে পরিচিত। প্রথম আলোর অনুসন্ধান, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও পুলিশের প্রাথমিক তদন্তেও একই রকম তথ্য পাওয়া গেছে। পাল্টাপাল্টি অভিযোগ: গতকাল বুধবার যশোর প্রেসক্লাবে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি আলী রেজা ওরফে রাজু রিপন হত্যা এবং তার আগে বোমা-গুলি চালিয়ে ছাত্রলীগের সম্মেলন পণ্ডসহ সাম্প্রতিক সহিংসতার জন্য সরাসরি দায়ী করেছেন যশোর-৩ (সদর) আসনের দলীয় সাংসদ খালেদুর রহমান ওরফে টিটোকে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সাংসদ এসব করছেন। একই ঘটনা নিয়ে আগের দিন সাংসদদের সংবাদ সম্মেলনের জবাব দিতে মূলত গতকালের এ সংবাদ সম্মেলন। সাংসদ খালেদুর রহমান অভিযোগ করেছেন, যারা রিপনকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলামের লোক। তাঁর দাবি, শাহারুল জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদের খাস ক্যাডার। শাহারুলকে রিমান্ডে নিলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে দাবি সাংসদের।নিহত ছাত্রলীগ নেতা রিপনের পরিবারের সন্দেহের তীরও শাহারুলের দিকেই। রিপন আলী রেজার অনুসারী ছিলেন। শাহারুল শাহীন চাকলাদারের ঘনিষ্ঠ। আবার সাংসদ খালেদুর রহমানের বিরোধিতার প্রশ্নে শাহীন চাকলাদার ও আলী রেজা একাট্টা।শাহারুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এ হত্যার ঘটনায় তাঁকে জড়িত করার চেষ্টা করছেন সাংসদ খালেদুর রহমান। কারণ তিনি শাহীন চাকলাদারের বিশ্বস্ত সাংগঠনিক নেতা। শাহীন চাকলাদারকে বিপদে ফেলতে সাংসদ এ ষড়যন্ত্র করছেন। যেভাবে খুন হন রিপন: ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যশোর শহরে আসার পথে গত রোববার সন্ধ্যার আগে রিপনকে গ্রামবাসীর সামনেই কুপিয়ে হত্যা করা হয়। এ সময় রিপনের মোটরসাইকেল চালাচ্ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ছাত্রলীগ কর্মী সেলিম রেজা। রিপন ও সেলিম সব সময় একসঙ্গে চলাফেরা করতেন। প্রত্যক্ষদর্শী সেলিম গতকাল প্রথম আলোকে জানান, ওই দিন তাঁরা রিপনদের বাড়ি সদর উপজেলার এড়েন্দা গ্রাম থেকে শহরে আসছিলেন। রওনা হওয়ার আগে রিপন টেলিফোনে ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী লুত্ফুল কবিরের সঙ্গে কথা বলেন। তাঁরা আগের দিন পণ্ড হওয়া সম্মেলনের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, তাঁদের মোটরসাইকেলটি রঘুরামপুর জামতলা পার হওয়ার সময় স্থানীয় হাফিজুর ‘দাদা একটু দাঁড়ান’ বলে ডাক দেন। থামার সঙ্গে সঙ্গে হাফিজুর বলেন, তিনিও শহরে যাবেন। রিপন একটু এগিয়ে বসে তাঁকে জায়গা করে দিচ্ছিলেন। এ সময় তিনি দেখেন, হাফিজুর কোমর থেকে ধারালো দা বের করে আনছেন। সঙ্গে সঙ্গে রিপন লাফ দিয়ে নেমে দৌড় দেন। মুহূর্তেই রাস্তার পাশের সাইকেল মেকারের দোকান থেকে আরও চারজন দা নিয়ে বেরিয়ে আসে। রিপন সামনের দিকে এবং সেলিম পেছনের দিকে দৌড় দেন।সেলিম বলেন, তাঁকে পেছন পেছন দৌড়ায় হাফিজুর, মো. শামীম ও শাহজাহান। বাকি দুজন রিপনের পেছন ছোটে। ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় চা-দোকানদার আবুল মিয়া বলেন, ওই ঘটনার একটু আগে তিনি দেখেন, কিছু লোক এক যুবককে কুপিয়ে তাঁর দোকানের কাছে রাস্তার পাশে ফেলে যায়। তিনিসহ আরও কয়েকজন ওই যুবককে উদ্ধার করে ভ্যানযোগে হাসপাতালে পাঠাচ্ছিলেন। এরই মধ্যে রিপনকে কখন মোটরসাইকেল থেকে নামানো হয়েছে তিনি দেখতে পাননি। হঠাত্ খেয়াল করেন, রাস্তার ওপর একটি মোটরসাইকেল পড়ে আছে। একটু দূরে ইকবাল দা দিয়ে রিপনকে কোপাচ্ছে। আশপাশের বাড়ি থেকে নারী-পুরুষ বেরিয়ে আসেন। কিন্তু তারা যাতে রিপনকে উদ্ধার করতে যেতে না পারে, সে জন্য মিকাইল দুই হাতে দুটি দা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে।গতকাল ঘটনাস্থলে আবুলের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন আশপাশের কয়েকজন নারী ও পুরুষ এসে জানান, তাঁরাও দেখেছেন একই দৃশ্য। রাস্তালাগোয়া একটি বাড়ির এক গৃহবধূ জানান, প্রথমে যখন একটি ছেলে মোটরসাইকেল থামায়, তখন আশপাশের কাউকে চোখে পড়েনি তাঁর। হঠাত্ বাকিরা এসে আক্রমণে যুক্ত হয় পাশের সাইকেল মেকার-দোকান থেকে। স্থানীয় লোকজন জানান, রিপন বেশ জনপ্রিয় ছিলেন। কারণ তিনি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতেন। এলাকার অনেক গরিব মানুষকে ভ্যান কিনে দিয়েছেন তিনি।পরিবারের সন্দেহ শাহারুলকে: ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে এড়েন্দা গ্রামে রিপনের বাড়িতে কথা হয় তাঁর বাবা শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও বিরোধ ছিল না। বাড়ি থেকে টাকা নিয়ে দলের জন্য ব্যয় করত। লক্ষ্য ছিল ছাত্রলীগের বড় নেতা হবে। সারাক্ষণ দলের পেছনে পড়ে থাকত। রিপনের বাবার অভিযোগ, ছাত্রলীগের সম্মেলনের আগে শাহারুল রিপনের কাছে সদর উপজেলার কাউন্সিলরদের তালিকা চেয়েছিলেন। সংগঠনের সদর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে তালিকাটি রিপনের কাছে ছিল। কিন্তু সে তা দিতে রাজি হয়নি। এ নিয়ে শাহারুলের সঙ্গে রিপনের বিরোধ হয়। তাঁর সন্দেহ, এ বিরোধই ছেলের জন্য কাল হয়েছে। এ কথা তিনি এজাহারেও লিখেছেন। রিপনের শোকার্ত মা এ প্রতিবেদককে বলেন, ‘দল করতে গিয়ে দলের লোকদের হাতে ছেলে জীবন দিল। সে বলত, আমার সঙ্গে কারও বিরোধ নেই, আমার কোনো বিপদ হবে না।’ রিপনের সঙ্গে চলাফেরা করতেন তাঁর বোনের দেবর ছাত্রলীগের কর্মী সুজন। তিনি বলেন, ‘বিএনপির হাতে মরলে এত কষ্ট হতো না। মনকে বুঝ দিতাম, বিরোধী দলের হাতে খুন হয়েছে।’রিপনের ইচ্ছা ছিল সভাপতি হবেন: সেলিম বলেন, রিপনের লক্ষ্য জেলা ছাত্রলীগের সভাপতি হবেন। এ জন্য রাতদিন কাজ করে গেছেন। জেলার আট উপজেলার সব কাউন্সিলর চান রিপন সভাপতি হোক। কিন্তু লুত্ফুল কবির ও ফয়সাল খানকে শাহীন চাকলাদার ও আলী রেজা গ্রুপ মনোয়ন দেয়। এর মধ্যে লুত্ফুল কবির বয়স কম প্রমাণের জন্য মাদ্রাসার একটি সনদ জমা দেন। তখন সিদ্ধান্ত হয়, যদি বয়স বেশি হওয়ার কারণে লুত্ফুল বাদ পড়েন, তখন রিপন হবেন একক প্রার্থী। পরে লুত্ফুল টিকে যাওয়ায় রিপন প্রার্থিতা প্রত্যাহার করেন। কিন্তু সাংসদ গ্রুপের হামলার মুখে ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়, আবার সম্মেলন হলে রিপন সভাপতি প্রার্থী হবেন। আবার কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হলেও রিপন সভাপতি হবেন, এমন আলোচনাও চলে। সেলিম অভিযোগ করেন, সম্মেলনের আগে কাউন্সিলরদের তালিকা না দেওয়ায় শাহারুল খেপে যান রিপনের ওপর। শাহীন চাকলাদারও রিপনকে ডেকে নিয়ে তালিকা না দেওয়ার কারণ জানতে চান। তখন সেলিম ও রিপন গিয়ে ঘটনাটা আওয়ামী লীগের সভাপতি আলী রেজাকে জানান। আলী রেজা সঙ্গে সঙ্গে ফোন করে শাহীন চাকলাদারের কাছে জানতে চান, কেন তালিকা দিতে হবে। এ বর্ণনা মামলার এজাহারেও আছে। এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে আলী রেজা বলেন, কারা খুনি সেটা তো এখন পরিষ্কার। সেই পাঁচজনের অন্তত একজনকে গ্রেপ্তার করতে পারলে, জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে আসবে।‘খুনিরা এমপির লোক’: শাহারুল প্রথম আলোকে বলেন, ‘রিপনকে আমরাই নেতা বানিয়েছি। সে আমার ভাতিজা। তাঁকে আমরা কেন মারব। বরং যে পাঁচ খুনির নাম এসেছে, এরা সবাই এমপি খালেদুর রহমারের লোক।’ আপনার ভাতিজা হলে মামলায় আপনার নাম কেন উল্লেখ করা হলো—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার এজাহার পুলিশ লিখে রিপনের বাবার কাছ থেকে একটি সই নিয়েছে মাত্র। তিনি বলেন, ‘আমরা বড় অসহায়, একমাত্র আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই।’মামলার এজাহার পুলিশ লিখে দিয়েছে, এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যাশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বেগ বলেন, ‘এটা সত্য কি না, তা বাদীকে জিজ্ঞাসা করুন।’ অবশ্য বাদী রিপনের বাবা বলেছেন, তিনি যেভাবে বলেছেন, সেভাবেই এজাহার লেখা হয়েছে।রিপন হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। যাশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত আসামিরা কেউ এলাকায় নেই। তবে প্রাথমিকভাবে তাদের গতিবিধির সন্ধান পাওয়া গেছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা যাবে বলে পুলিশ আশাবাদী।