শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, শেয়ারবাজারের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে। বাজারে কোনো ধরনের কারসাজি করা হয়েছে কি না, তাও খুঁজে বের করা হবে। যত ঝামেলাই হোক পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে, তবে এটা প্রকাশ করা না-করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ‘আমরা আজ থেকে তদন্তকাজ শুরু করেছি। পর্যায়ক্রমে সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলব। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব। আশা করি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসবে।’ইব্রাহীম খালেদ বলেন, ভবিষ্যতে যাতে এ রকম বড় ধরনের কোনো ঘটনা না ঘটে, সে ব্যাপারে চেষ্টা করা হবে। তদন্ত কমিটির জন্য যে কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছে, বর্তমানে বিনিয়োগ বোর্ড সেটি ব্যবহার করছে। তবে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন খুব তাড়াতাড়ি কক্ষটি খালি করে দেওয়া হবে।