জড়িত সন্দেহে দুই ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সাংবাদিক তালহাদ আহমেদ ওরফে কাবিদ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পারিবারিকভাবে ও মাদক ব্যবসায়ী চক্রের রোষানলে পড়ে খুন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। ইতিমধ্যে তালহাদ হত্যায় জড়িত সন্দেহে তাঁর দুই ভাইকে আটক করেছে পুলিশ।এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নরসিংদীর সাংবাদিকেরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের উপজেলা মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।নিহত তালহাদের স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, তালহাদ অনেকটা শান্ত স্বভাবের। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সপ্তম। ভাইদের মধ্যে সবার বড় ফরহাদ মিয়া কয়েক বছর আগে মারা যান। এরপর তাঁর (তালহাদ) বাবা সামসুল হুদা ২৫ শতক জমি ছেলেদের মধ্যে ভাগ করে দেন। ছেলেদের মধ্যে ছোট হওয়ায় তালহাদকে অন্যদের চেয়ে একটু বেশি জমি দেন বাবা। তিন বছর আগে সামসুল হুদা মারা যান। এর পর থেকে তালহাদের পাওয়া অতিরিক্ত জমি দখলে নেওয়ার জন্য বড় ভাই মাসুদ ভূঁইয়া ও সাঈদ ভূঁইয়া মরিয়া হয়ে ওঠেন। এর জের ধরে গত ফেব্রুয়ারিতে এক সালিসে তালহাদকে হত্যার হুমকি দেন বড় ভাই মাসুদ। একই মাসে ভাই মাসুদ ও সাঈদ কয়েকজন সন্ত্রাসী নিয়ে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় তালহাদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেন। এরপর বিভিন্ন সময় তিনি নিরাপত্তা চেয়ে থানায় তিনটি সাধারণ ডায়েরি করেন।তালহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সাংবাদিকদের মানববন্ধন শেষে নরসিংদী প্রেসক্লাবে একটি জরুরি সভায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন।নিহত ব্যক্তির মামা মাহবুব মিয়া জানান, ময়নাতদন্ত শেষে নরসিংদী সদর হাসপাতাল থেকে গতকাল দুপুরে তালহাদের মরদেহ বাড়িতে আনা হয়। বাদ আসর শালিদা ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তবে তালহাদ হত্যাকাণ্ড সম্পর্কে মাহবুব মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি। নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ‘ভাইদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে তালহাদ একবার হামলার শিকারও হয়েছিলেন। এ ছাড়া একটি মাদক চক্রের বিরুদ্ধে খবর লেখায় মাদক ব্যবসায়ীরা হত্যার হুমকি দিয়েছিল বলেও তিনি আমাকে জানিয়েছিলেন।’নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তালহাদ হত্যায় জড়িত সন্দেহে মঙ্গলবার গভীর রাতে শহরে অভিযান চালিয়ে তাঁর দুই ভাই মাসুদ ভূঁইয়া ও সাঈদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভাইদের মধ্যে বিরোধে সৃষ্ট ঘটনাগুলো ও মাদকচক্রের হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে এগোচ্ছি।’কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক জানান, তালহাদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শহরে মানববন্ধন হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের ব্যানারে গতকাল সকালে জেলা শহরের কালীবাড়ি মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাংবাদিক মুহা. ফজলুর রহমান, মো. রেজাউল হাবিব, আমিনুল হক প্রমুখ।