রাজধানীর পল্লবীতে ক্ষমতাসীন দলের সাংসদ ও মালিবাগে স্থানীয় আওয়ামী লীগের নেতার বাসায় পৃথক দুটি ডাকাতির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। পল্লবীর ঘটনায় সন্দেহ করে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। তবে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। অন্যদিকে তিন দিন পরও মালিবাগের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ বলছে, দুটি ঘটনায় ডাকাতের একটি চক্রই জড়িত। ঘটনার সময় উভয় বাসার বাসিন্দাদের সঙ্গে ডাকাতদের কথাবার্তা যাচাই-বাছাই করার পর এমনটাই ধারণা করছে তারা।মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সাংসদ শাহিদা তারেক দীপ্তির বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আরও গ্রেপ্তার করতে পারে বলে তিনি জানান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঘটনার নিশ্চিত কোনো সুরাহা এখনো আমরা করতে পারিনি।’অন্যদিকে মালিবাগের ডাকাতির ঘটনায় আটক করা বাসার গৃহপরিচারিকা সালমাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর কথার ওপর ভিত্তি করে কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে, ঘটনার সঙ্গে সালমা জড়িত কি না, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়।মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক মো. আবদুল বারী বলেন, ‘সালমাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং তা যাচাই-বাছাই করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। তবে সালমা জড়িত কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত নই।’গত রোববার পল্লবীতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহিদা তারেক দীপ্তির বাড়িতে ডাকাতি হয়। ওই বাসা থেকে ডাকাত পাঁচ লাখ টাকা ও ৬৫ ভরি স্বর্ণালংকার লুট করে। এর দুই দিন পর গত মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগে আওয়ামী লীগের নেতা আলী নেওয়াজ খানের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা দেড় শ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায়।