জড়িতদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় রহস্যজনকভাবে খুন হন সাগর-রুনি দম্পতি। আজ শনিবার সকালে পুলিশ তাঁদের রক্তাক্ত লাশ উদ্ধার করে।সকালে খবর পেয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানে ছুটে যান তাঁর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।পরে মাহবুবুল হক শাকিল প্রথম আলো অনলাইনকে বলেন, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুই পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁরা সাগর ও রুনির পরিবারের সদস্য এবং এ দুই সাংবাদিকের সহকর্মীদের কাছে সমবেদনা প্রকাশ করেন।মাহবুবুল হক শাকিল আরও জানান, প্রধানমন্ত্রী এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে নির্দেশ দিয়েছেন।