ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রতি দাবি জানিয়েছে সৌদি সরকার। ঢাকার সৌদি দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাদের সরকারের এ মনোভাব জানায়।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, সৌদি দূতাবাসের প্রশাসনিক সহকারী খালাফ হত্যার তদন্তে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। সৌদি সরকার তদন্তে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। এই হত্যা-পরবর্তী পরিস্থিতি জানাতে তিনি ১৪ মার্চ জার্মানিতে সমুদ্রসীমা আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যোগদান শেষে দেশে ফেরার পথে সৌদি আরব যাবেন।খালাফের মরদেহ রাতে সৌদি সরকারের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশে নেওয়া হয়। দুপুরে মরদেহ সৌদি দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদে তাঁর জানাজা হয়।এদিকে খালাফ হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। গত সোমবার রাতে তিনি গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।সৌদি দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, খালাফ হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের খুঁজে বের করার ব্যাপারে বাংলাদেশের সামর্থ্য নিয়ে সৌদি সরকারের আস্থা রয়েছে। তারা মনে করে, অপরাধীদের খুঁজে বের করে এ হত্যার কারণ উদ্ঘাটন করতে বাংলাদেশ সক্ষম হবে।মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দৈনিক গালফ নিউজ-এর গতকালের সম্পাদকীয়তে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।দীপু মনির বক্তব্য: দীপু মনি তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘এ হত্যার তদন্তে সৌদি সরকার সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধিদল পাঠানো হলে বাংলাদেশ স্বাগত জানাবে।’ এ মুহূর্তে বাংলাদেশে সৌদি আরবের কোনো তদন্ত দলের উপস্থিতি সম্পর্কে তিনি জানেন না বলে জানান।তদন্তে বিদেশি সাহায্য চাওয়া হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো আন্তর্জাতিক সহায়তা চাইনি। যাঁরা এ ধরনের ঘটনার তদন্ত করেন, তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তদন্তের কোনো পর্যায়ে তাঁরা আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন বোধ করলে, তাঁরা সেটা চাইবেন।’ এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) যুক্ত হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি এ বিষয়ে কিছু জানি না।’দীপু মনি বলেন, ‘অতীতে এফবিআই কিছু তদন্তে যুক্ত ছিল। এবারও প্রয়োজন হলে তাদের যুক্ত করা হবে।’ তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু দুঃখজনক, তাই সরকারের পক্ষ থেকে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইতিমধ্যে সৌদি সরকারের কাছে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। জার্মানি থেকে দেশে ফেরার পথে সৌদি আরব হয়ে আসব। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের পরিস্থিতি সম্পর্কে জানাব।’জার্মানির হামবুর্গ শহরের ইটলসে বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধের রায় হবে ১৪ মার্চ। ওই রায় শুনতে পররাষ্ট্রমন্ত্রী জার্মানি যাচ্ছেন।জানাজা: বাদ আসর বিমানবন্দর মসজিদে খালাফের জানাজা হয়। এ সময় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুসাইরি বলেন, ‘বাংলাদেশের মানুষের যে আন্তরিকতা আমি দেখেছি, তাতে আমার বিশ্বাস, এ হত্যার সুষ্ঠু বিচার হবে। এ হত্যাকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এ ঘটনা দুঃখজনক, অপ্রত্যাশিত। হত্যার তদন্ত চলছে। সরকার কূটনৈতিক এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। তবে এ এলাকায় কোনো কোনো রাজনৈতিক দলের কার্যালয় থাকায় রাজনৈতিক কর্মীদের সঙ্গে সন্ত্রাসীরাও ঢুকে পড়ছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’ কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে দলীয় কার্যালয় সরিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট দলের প্রতি আহ্বান জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের উচিত এ ঘটনায় অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা।জানাজায় অন্যদের মধ্যে বিমানমন্ত্রী ফারুক খান, তথ্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমেদ, কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা শরিক হন।তদন্তে অগ্রগতি নেই: খালাফ হত্যা মামলার তদন্তে গতকাল পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। গুলশান থানার পুলিশ, র্যাব ও ডিবির একাধিক দল তদন্তে নেমেছে। র্যাব-১-এর পরিচালক রাশিদুল হাসান বলেন, বিভিন্ন দিক নিয়ে তদন্ত চলছে। তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বলেন, পুলিশ ঘটনা উদ্ঘাটনে সর্বতোভাবে চেষ্টা করছে। কিন্তু এখনো কিছু পায়নি।ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণই তাঁরা খতিয়ে দেখছেন। ছিনতাইয়ের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না।