জড়িতদের শাস্তি না হওয়ায় বাজারে এখনো অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অধিকতর তদন্তে যাঁদের বিরুদ্ধে শেয়ার কারসাজির তথ্য-প্রমাণ উদ্ঘাটিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুঁজিবাজার তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। তাঁর মতে, শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়ায় বাজারে এখনো অস্থিরতা বিরাজ করছে। এসইসি তিনটি মার্চেন্ট ব্যাংকের অধীনে পরিচালিত ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অধিকতর তদন্ত করেছে। পুঁজিবাজার ধসের পরিপ্রেক্ষিতে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে এই তদন্ত করা হয়। তদন্তে বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালু, আওয়ামী লীগের নেতা এইচ বি এম ইকবাল, লুৎফর রহমান বাদল ও তাঁর স্ত্রীর বড় ভাই আহসান ইমাম, ইয়াকুব আলী খোন্দকারসহ নয় ব্যক্তির বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়। গত ডিসেম্বর মাসে এসইসির তদন্তকারী দল তদন্ত প্রতিবেদনটি এসইসির চেয়ারম্যানের কাছে জমা দিলেও এখন পর্যন্ত প্রতিবেদনের আলোকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে ৮ আগস্ট প্রথম আলোতে প্রধান প্রতিবেদন প্রকাশ করা হয়। এ নিয়ে সোমবার প্রথম আলোর সঙ্গে কথা বলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ইব্রাহিম খালেদ বলেন, ‘দুই মাসের সংক্ষিপ্ত সময়ে আমরা যতটুকু পেরেছি, তদন্ত করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছি। বাকি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য সুপারিশ করা হয়েছিল। সম্প্রতি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এসইসির অধিকতর তদন্তেও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি মনে করি, যদি কারও বিরুদ্ধে কারসাজির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ও যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া উচিত।’ কারসাজির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই এত দিন পরও শেয়ারবাজারের অস্থিরতা কমছে না বলে মনে করেন কৃষি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খালেদ। তিনি বলেন, ‘শেয়ারবাজার নিয়মের মধ্যে চলছে না। আমাদের প্রতিবেদনে যাঁদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছিলাম এখন তাঁরাই শেয়ারবাজারের নেতৃত্ব দিচ্ছেন। এ কারণে বাজারের যাঁরা রক্ষক তাঁরাই আবার ভক্ষকের ভূমিকা পালন করছেন। তাঁরা বাজারের ভালো চাইলে বাজার ভালো হচ্ছে, আবার খারাপ চাইলে খারাপ হচ্ছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে শেয়ারবাজারে।’ বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর আরও বলেন, ‘আমাদের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিল এসইসি। কিন্তু সেসব মামলা কী অবস্থায় আছে তা আমরা কেউই জানি না।’ ইব্রাহিম খালেদ বলেন, ‘স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে পৃথক (ডিমিউচুয়ালাইজেশন) না করা পর্যন্ত বাজারের ওপর সাধারণ বিনিয়োগকারীদের পুরোপুরি আস্থা তৈরি হবে না। আবার যেনতেনভাবে ডিমিউচুয়ালাইজেশন করেও বাজার ঠিক করা যাবে না। প্রকৃত অর্থে ডিমিউচুয়ালাইজেশন করতে হবে, যাতে স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে যাঁরা থাকবেন তাঁরা যেন কোনোভাবে লেনদেনের সঙ্গে জড়িত হতে না পারেন। এ কাজটি যত সহসা করা হবে বাজারের জন্য ততই মঙ্গল।’