জড়িতদের সন্ধানে গোয়েন্দারা, ভিডিও একমাত্র সহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে গত বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকর্মীরা। তবে গতকাল শুক্রবার পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি হয়নি। এ কাজে এখন পর্যন্ত তদন্তকর্মীদের একমাত্র সহায় বিস্ফোরণের আগে গোপন নিরাপত্তা ক্যামেরায় (সিসিটিভি) ধারণ করা ভিডিওচিত্র।কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং জানিয়েছেন, তিনটি বিস্ফোরণস্থলের কাছ থেকে সিসিটিভিতে ধারণ করা ভিডিওচিত্রের ১১টি সিডি গোয়েন্দারা সংগ্রহ করেছে। এসব ভিডিওতে থাকা সন্দেহভাজন লোকজনের পরিচয় বের করার চেষ্টা চলছে।স্বরাষ্ট্রসচিব আরও জানান, অপেরা হাউস এলাকায় ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, বিস্ফোরণের আগে চার ব্যক্তি সেখানে প্রায় দেড় ঘণ্টা ফোনে কথা বলছেন। তদন্ত কর্মকর্তারা ওই চার ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন।তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যবন গতকাল সকালে বলেছেন, এটা আগেভাগে ভাবা ঠিক হবে না যে ওই ব্যক্তিরাই সন্ত্রাসী হামলার বিষয়ে সেখান থেকে অন্যদের অবহিত করছিলেন। তিনি বলেন, ‘অপেরা হাউস হীরার ব্যবসার জন্য এলাকায় বেশ নামকরা। মুম্বাইয়ে হীরার ব্যবসায়ীসহ অনেক ব্যবসায়ী সারাক্ষণ ফোনেই তাঁদের ব্যবসা সামলান।’তবে স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেছেন, ওই চার ব্যক্তির পরিচয় শনাক্ত করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে এই কারণে যে তাঁদের স্থানীয় বাসিন্দা বলে মনে হয়নি।আর কে সিং আরও জানান, জাভেরি বাজার এলাকায় বিস্ফোরণস্থলে একটি স্কুটার শনাক্ত করা হয়েছে। ওই স্কুটারেই বোমা পেতে রাখা হয়েছিল। এখন দেখা হচ্ছে স্কুটারটির মালিক কে।এ ছাড়া বিস্ফোরণস্থলে তার ও ইলেকট্রনিক সার্কিট জড়ানো মৃতদেহকে আত্মঘাতী হামলাকারী ভেবে নেওয়াও ঠিক হবে না বলে জানান মুখ্যমন্ত্রী চ্যবন। তিনি বলেন, ‘সম্ভবত ওই ব্যক্তি বিস্ফোরিত বোমাটির খুব কাছাকাছি অবস্থানে ছিলেন। এ জন্য বোমার তার বা ইলেকট্রনিক সার্কিট তার দেহের সঙ্গে জড়িয়ে গেছে। তার পরও বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দেখছি।’একাধিক গোয়েন্দা সূত্র এর আগে জানিয়েছে, ইন্ডিয়ান মুজাহিদিনের ছোট কোনো গুপ্ত দল ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত। নিজেদের ধরাছোঁয়ার বাইরে রাখতে তারা ঘটনার আগে-পরে নিজেদের সঙ্গে ফোনে যোগাযোগও করেনি।এ বিষয়ে জানতে চাইলে চ্যবন বলেন, ‘কোনো একটি গ্রুপকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক হবে না। তাতে হয়তো প্রকৃত সন্ত্রাসীরা আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার সুযোগ পাবে। এ জন্য আমি পুলিশকে সবচেয়ে দুর্বল সম্ভাবনাটিও গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দিয়েছি।’মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিস্ফোরণের পর ১৫ মিনিট ধরে তিনি রাজ্যের পুলিশপ্রধান বা পুলিশের বড় কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগই করতে পারেননি। কেননা ওই সময় ফোনের নেটওয়ার্ক এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে নেটওয়ার্কে ঢোকাই প্রায় অসম্ভব ছিল। ওয়্যারলেস সেটেও যোগাযোগ করা যায়নি। কারণ, ওয়্যারলেস সংযোগ একটি নির্দিষ্ট এলাকার মধ্যে কাজ করে। ভবিষ্যতে বড় কর্মকর্তাদের স্যাটেলাইট ফোন দেওয়া হবে বলে জানান চ্যবন।কলকাতায় বোমাতঙ্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, ডালহৌসি স্কয়ারে এইচএসবিসি ব্যাংকের ভেতরে বোমা রাখা আছে। এরপর পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ব্যাংকের কর্মী ও গ্রাহকদের বের করে দিয়ে তল্লাশি শুরু করে। তবে শেষ পর্যন্ত বোমা বা তেমন কিছু পাওয়া যায়নি। বিবিসি, এএফপি, এনডিটিভি।