রাঙামাটি শহরে পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনার পর নয় মাস পার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার পরিকল্পনাকারী কে বা কারা, তা শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা পাঁচটির তদন্তেরও কোনো অগ্রগতি নেই। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত সরকারি তদন্ত কমিটিও ওই সহিংসতার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি। সহিংসতায় সরাসরি জড়িত হিসেবে সাতজন বাঙালি ও একজন পাহাড়ির নাম উল্লেখ করে কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করেছে জাতীয় সংসদের আদিবাসীবিষয়ক ককাস।গত বছরের ১১ অক্টোবর সরকারি তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর সাংসদ রাশেদ খান মেননের নেতৃত্বাধীন আদিবাসীবিষয়ক ককাসের সাত সদস্যের একটি দল নভেম্বরে এ ঘটনার তদন্ত করে। সম্প্রতি ককাসের প্রতিবেদন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হয়।সংসদীয় ককাসের প্রতিবেদনে গত বছরের ২২ সেপ্টেম্বরের ওই সহিংসতার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ওই সহিংসতা সামাল দিতে ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের শাস্তির ব্যবস্থা করার সুপারিশ করা হয়। রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ককাসের তদন্ত প্রতিবেদন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয়নি। গত বছরের ২২ সেপ্টেম্বর সকালে রাঙামাটি সরকারি কলেজে বহিরাগত কিছু বাঙালি যুবক প্রবেশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর সংঘর্ষ পুরো রাঙামাটি শহরে ছড়িয়ে পড়ে, যা পরের দিনও অব্যাহত ছিল। কলেজে কিছু অচেনা যুবকের প্রবেশ ও তাদের বের করে দেওয়াকে কেন্দ্র করে অতর্কিতে সংঘবদ্ধ দলের হামলা এবং এরপর গুজব ছড়িয়ে কারা সারা শহরে সংঘর্ষ বাধিয়ে দেয়—এসব প্রশ্নের জবাব আজ পর্যন্ত বের করতে পারেনি সরকারি কোনো সংস্থা। সংসদীয় ককাস এটাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করলেও সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, তারা পূর্বপরিকল্পনার কোনো প্রমাণ পায়নি। তাদের মতে, এটা ছিল দুই দিন আগে বাসের সিটে বসাকে কেন্দ্র করে ‘উপজাতীয়’ ও ‘অ-উপজাতীয়’ ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের। সরকারি এই প্রতিবেদনে কেবল কলেজের কিছু শিক্ষার্থীকে দায়ী করা হয় এবং কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজ প্রশাসন যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে অভিযোগ করা হয়।তবে কলেজের অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমরা সিদ্ধান্ত নিতে কোনো দেরি করিনি। ফোনে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কলেজের সামনে পুলিশের যে চার-পাঁচজন সদস্য ছিলেন, তাঁদের বলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেননি।’এ ছাড়া সরকারি তদন্ত কমিটি যে আটজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল, সে ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম চৌধুরী দাবি করেন, ওই আটজনের মধ্যে চারজনকে তখন আটক করা হয়েছিল। তাঁরা এখন জামিনে আছেন। তবে রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, কাউকে আটকই করা হয়নি। যাঁদের ধরা হয়েছিল, তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওই সহিংসতার ঘটনায় পাঁচটি মামলা হয়। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভবনে ভাঙচুরের ঘটনায় পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব বিশ্বজিৎ চাকমা একটি মামলা করেন। তিনি বলেন, থানা থেকে এ পর্যন্ত কেউ তদন্ত করতে তাঁর কার্যালয়ে যাননি।চিকিৎসক সুশোভন দেওয়ানের ওপর হামলার ঘটনায় একটি মামলা করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। হামলায় সুশোভনের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ মামলায় দুবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। তৃতীয় তদন্তকারী কর্মকর্তা রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম বলেন, চিকিৎসা সনদগুলো পেতে দেরি হওয়ায় মামলার প্রতিবেদন দিতে দেরি হচ্ছে। একইভাবে অপর তিনটি মামলারও উল্লেখযোগ কোনো অগ্রগতি নেই। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান দাবি করেন, মামলাগুলোর তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত যে ঘটনার মূল পরিকল্পনাকারীদের কাউকে শনাক্ত করা যায়নি, তা তিনি স্বীকার করেছেন।