রাজধানীর মগবাজারে যুবলীগের কর্মী ইউসুফ আলী সরদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৫ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের নাম-ঠিকানাও পাওয়া গেছে। তবে মামলার এজাহারভুক্ত আসামিদের কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।নিহত ইউসুফের পরিবারের অভিযোগ, ইউসুফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। ইউসুফের ভাতিজা ইরফান আলী অভিযোগ করেন, ‘পুলিশ আসামিদের ধরছে না। অথচ পুলিশ সব আসামির নাম-ঠিকানা জানতে পেরেছে।’জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত যাঁদের নাম-ঠিকানা পুলিশ পেয়েছে, তাঁরা সবাই ছাত্রলীগ নামধারী। তাঁদের অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। রমনা থানার পুলিশ জানায়, ইউসুফ হত্যার ঘটনায় হান্নান ওরফে পেটকাটা হান্নান, আবুল হোসেন ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের এক দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার নাম-ঠিকানা পেয়েছে।ইউসুফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা সংখ্যায় ১৫-১৬ জন। তাঁরা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী হতে পারেন। তিনি বলেন, ঘটনার পর থেকে তাঁদের অনেকে গা ঢাকা দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।তদন্তকারী কর্মকর্তা জানান, ৭ অক্টোবর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটিতে যুবলীগের কর্মীদের দরপত্র জমা দিতে বাধা দেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের কর্মীরা কাজটি সবার মধ্যে বণ্টন করার বিষয়ে আগ্রহী হলেও যুবলীগের কর্মীরা তাতে সাড়া দেননি। বাধা উপেক্ষা করে ইউসুফ দরপত্র জমা দিলে ছাত্রলীগের কর্মীরা তাঁর ওপর দুই দফা হামলা চালান। রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে এক দফা মারধরের পর টঙ্গী ডাইভারশন রোডে তাঁকে রড ও লাঠি দিয়ে আবার পেটানো হয়। এর নেতৃত্বে ছিলেন রমনা এলাকার ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতা ফয়সাল। তাঁর সঙ্গে ছিলেন রিপন, বাদশা, মো. আলীসহ ১৫-১৬ জন। আহত অবস্থায় ইউসুফ ৭ অক্টোবর দুপুরে এই চারজনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলাও করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান। পরদিন ওই মামলায় পুলিশ হান্নান, আবুল হোসেন ও ফয়সালের ভাই রাসেলকে আটক করে। ইউসুফের মৃত্যুর দুই দিন পর মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।পুলিশ জানায়, ইউসুফকে মারধরের ঘটনা ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাঈদ, মো. আলী, বাবুল, কাজল, বাদশা, রিপন, খোরশেদসহ ছাত্রলীগ ও যুবলীগের অনেক কর্মী দেখেন। তাঁরা সবাই ছিলেন ইউসুফের পক্ষের। কিন্তু ফয়সালের কারণে ইউসুফকে রক্ষায় তাঁরা এগিয়ে যাননি।