চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকা থেকে পণ্যভর্তি একটি কনটেইনার চুরির ঘটনায় প্রায় ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পরে এই ক্ষতিপূরণের টাকা দায়ী ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হবে। কিন্তু ওই চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি। বরং ঢালাওভাবে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে এই টাকা কেটে নেওয়ার সুপারিশ করা হয়েছে।বন্দরের নথি থেকে দেখা গেছে, বন্দরের ইতিহাসে পণ্য চুরির ঘটনায় এত বেশি টাকা ক্ষতিপূরণ কখনো দেওয়া হয়নি। এর আগে সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণের পরিমাণ ছিল ছয় লাখ ২৬ হাজার ৮৬৩ টাকা। প্রায় এক যুগ আগে বন্দরের সংরক্ষিত এলাকা থেকে নৌবাহিনীর আমদানি পণ্য চুরি ও হারানো বাবদ ওই ক্ষতিপূরণ দেওয়া হয়।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে জানান, আমদানিকারককে বন্দর থেকে ক্ষতিপূরণ দেওয়া হলেও পণ্য চুরির জন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে এই অর্থ আদায় করা হবে। বন্দর কর্তৃপক্ষ সব সময় এ নীতি অনুসরণ করছে। তদন্ত কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছে।বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর থাইল্যান্ড থেকে এক কনটেইনার কাপড়ের রোল আমদানি করে মেসার্স চিটাগাং ফ্যাশন ওয়্যার লিমিটেড। প্রয়োজনীয় দালিলিক কাজ সেরে গত বছরের ২৩ নভেম্বর কনটেইনার খালাসের জন্য আমদানিকারকের প্রতিনিধি বন্দরের সিসিটি ইয়ার্ডে গিয়ে সেটি খুঁজে পাননি। এ অবস্থায় আমদানিকারক বন্দর চেয়ারম্যানের কাছে ৪৭ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন।বন্দর সূত্রে জানা গেছে, পণ্যভর্তি কনটেইনার চুরির ঘটনা তদন্তে নিরাপত্তা বিভাগের উপপরিচালক লে. কমান্ডার এইচ এ হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়। কমিটি তদন্ত শেষে একটি প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে চুরির পরিকল্পনাকারী হিসেবে পরিবহন বিভাগের একজন কর্মচারী ও বেসরকারি সংস্থা সাইফ পাওয়ারটেকের কর্মচারীদের দায়ী করা হয়। তবে কনটেইনারটি কোন ফটক দিয়ে বের করা হয়েছে, কমিটি তা শনাক্ত করতে পারেনি। অথচ বন্দরের সংরক্ষিত এলাকায় সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) রয়েছে, আছে নিরাপত্তাকর্মীও। প্রতিবেদনে চুরির জন্য ঢালাওভাবে বন্দরের সব গেট সার্জেন্টকে দায়ী করা হয়।তদন্ত কমিটির প্রধান এইচ এ হোসেন প্রথম আলোকে বলেন, জবানবন্দির ভিত্তিতে চুরির পরিকল্পনাকারী ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। কনটেইনারটি কোন ফটক দিয়ে বের করা হয়েছে, তা সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা যায়নি। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।জানা গেছে, প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিন সদস্যের হিস্যা নির্ধারণ কমিটি ৪১ লাখ ২০ হাজার ৫৯ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে। এর ৫০ শতাংশ সাইফ পাওয়ারটেক লিমিটেড, ১৫ শতাংশ পরিবহন বিভাগের কর্মচারী আলী হায়দার এবং ৩৫ শতাংশ নিরাপত্তা বিভাগের ২৫ জন গেট সার্জেন্ট থেকে কেটে নেওয়ার সুপারিশ করে কমিটি। বোর্ড সভায় এই অর্থ বন্দর কর্তৃপক্ষ পরিশোধ করে দায়ী ব্যক্তিদের থেকে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে আমদানিকারক প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। এখন চুরির জন্য দায়ী ব্যক্তিদের বেতনের বা বিলের টাকা থেকে পর্যায়ক্রমে এই টাকা কেটে নেওয়া হবে। বন্দর সূত্র জানায়, পণ্য চুরি বা হারানোর ঘটনায় বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৯৮৯ সালে ১০ হাজার টাকা, ’৯১ সালে সাত হাজার ৫০০ টাকা, ’৯২ সালে ৯৫ হাজার টাকা, ’৯৬ সালে ৪৫ হাজার টাকা, ’৯৭ সালে ২৭ হাজার ৫৮৬ টাকা ক্ষতিপূরণ দেয়। ২০০৪ সালে নৌবাহিনীর পণ্য চুরি ও হারানোর ঘটনায় বন্দর কর্তৃপক্ষ দুই দফায় এক লাখ ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়। এসব ক্ষতিপূরণের টাকা দায়ী ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হয়।