রংপুরে গ্রেপ্তার ১৬৭ চারজন কর্মচারী অন্যরা পরীক্ষার্থী
জড়িতরা সরকারি কর্মচারী প্রশ্নপত্র ফাঁস
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি চার কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল গতকাল শুক্রবার। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এটি ধরা পড়ে রংপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। এ সময় ওই চার কর্মচারীসহ ১৬৭ জন গ্রেপ্তার হন। গতকাল তাঁদের মধ্যে আটজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যরা কারাবন্দী।কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো, সে রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি ছাপাখানা বিজি প্রেস কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গ্রেপ্তার হওয়া ১৬৭ জনের মধ্যে চারজন ছাড়া বাকিরা পরীক্ষার্থী। গতকাল তাঁদের রংপুরের মুখ্য বিচারিক আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক খন্দকার তোফায়েল আটজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এই আটজন হলেন বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফা, সরকারি প্রিন্টিং প্রেসের মুদ্রণ শাখার কর্মচারী হামিদুল ইসলাম, ঢাকার তেজগাঁও শাখার সমাজসেবা কর্মকর্তা সিরাজুল হক, পটুয়াখালী জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল বাশার এবং পরীক্ষার্থী রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, তাসমীন উল ইসলাম ও লিটন চন্দ্র দাস।রংপুরের কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, আটজনের মধ্যে হামিদুল, মোস্তফা, বাশার ও সিরাজুল হক ঘটনার মূল পরিকল্পনকারী। মোস্তফা ও হামিদুলকে গতকালই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ জানায়, মোস্তফা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ২৫ লাখ টাকায় বিজি প্রেসের এক কর্মচারীর কাছ থেকে এসব প্রশ্নপত্র কেনেন।বিজি প্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অত্যন্ত গোপনীয়তার মধ্যে এই পরীক্ষার জন্য এক লাখেরও বেশি প্রশ্নপত্র ছেপেছিল। ৬ জুলাই ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সিলগালা অবস্থায় ওই প্রশ্নপত্র শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়। ৯ জুলাই পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্র খোলার কথা ছিল। কিন্তু ৮ জুলাই রংপুরে কীভাবে সেই প্রশ্নপত্র ফাঁস হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, বিজি প্রেস থেকে শিক্ষা অধিদপ্তরের একজন উপপরিচালক, ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সারা দেশের নয়টি পরীক্ষাকেন্দ্রে সিলগালা অবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়। সেগুলো অক্ষতই পাওয়া গেছে। কাজেই ধারণা করা হচ্ছে, অন্য কোনোভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে শিক্ষা, স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখা হয়েছে।এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শুক্রবার তিনি রংপুরের জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। যেহেতু ঘটনাস্থল থেকে কয়েকজন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাই স্বাভাবিকভাবেই সন্দেহের তীর তাঁদের দিকেই। তবে তদন্তে পুরো সত্য বেরিয়ে আসবে।রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের ভিন্নজগত বিনোদনকেন্দ্র থেকে পুলিশ বৃহস্পতিবার ১৬৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে ছাপা প্রশ্নপত্র, ফটোস্ট্যাট মেশিন ও পরীক্ষার্থীদের প্রবেশপত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার সারা রাত এবং গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ১৬৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর তাঁদের মুখ্য বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের মধ্যে ২৫ জন নারী। রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, তাঁরা প্রশ্নপত্র নিতে ৩৮টি জেলা থেকে রংপুরে এসেছেন।এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার বাদী গঙ্গাচড়া থানার উপপরিদর্শক রবিউল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও সরকারি কাজে গোপনীয়তা রক্ষা না করার অভিযোগে মামলা হয়েছে।পরীক্ষার্থীদের একজন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শাহনাজ বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়। গ্রেপ্তার হওয়া অন্য নারীরা হলেন রাজশাহীর মাহবুবা, ওয়াজেদা আক্তার ও খালেদা পারভীন; বরিশালের শিখা রানী সরকার ও প্রিয়াংকা; রাজবাড়ীর রোজিনা; যশোরের সালমা খানম; ব্রাহ্মণবাড়িয়ার লিজা ও নাজমা; সাতক্ষীরার সুলতানা; মাদারীপুরের শিখা; টাঙ্গাইলের রেবেকা সুলতানা ও ঝরনা; বগুড়ার ফারহানা ও মাছুমা খাতুন; ঢাকার ফারহানা খানম; চাঁদপুরের মরিয়মনেছা; রংপুরের শাপলা; নওগাঁর দীপা; জামালপুরের হোমায়রা জান্নাত; ময়মনসিংহের আমিনা শারমিনা, শাহনাজ ও আঁখি রানী; পিরোজপুরের মাহবুবা; জয়পুরহাটের বিলকিছ এবং মেহেরপুরের মহব্বতুন নেছা।বরিশালের মাহবুবা বলেন, চাকরির জন্য তাঁর সঙ্গে মোট পাঁচ লাখ টাকার চুক্তি হয়। এর মধ্যে এক লাখ টাকা দেওয়া হয়েছে।মেহেরপুরের মহব্বতুন নেছা বলেন, চাকরির আশায় তাঁদের সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয়েছে। রাজশাহীর মাহবুবা বলেন, ‘দুই লাখ টাকা দিয়েছি।’ঢাকার ফারহানা খানম বলেন, বিজি প্রেস ও সংস্থাপন মন্ত্রণালয়ের দুই কর্মচারীর মাধ্যমে তাঁরা টাকা দিয়েছিলেন।রাজশাহীর ওয়াজেদা আক্তার বলেন, ‘এই চক্রের সঙ্গে বেশ কিছুদিন ধরে কথা চলছিল। তাঁরাই আমাদের রংপুরে নিয়ে এসেছে।’চাঁদপুরের মরিয়মনেছা বলেন, ‘রংপুরের ভিন্নজগত মিলনায়তনে একটি কোচিং সেন্টারের মাধ্যমে মডেল টেস্টের কথা বলে আমাদের এখানে আনা হয়।’কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো: শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষার এক লাখেরও বেশি প্রশ্নপত্র ছাপার জন্য ১ জুলাই বিজি প্রেসকে জানায়। ৬ জুলাই প্রশ্নপত্র ছাপা শেষ হয়। ওই দিনই শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশ্ন বুঝিয়ে দেওয়া হয়। পুলিশের ধারণা, বিজি প্রেস থেকেই কোনোভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সঙ্গে আরও কয়েকজন সরকারি কর্মচারী জড়িত বলে সন্দেহ পুলিশের।এ বিষয়ে জানতে বিজি প্রেসের উপপরিচালক মাসুম খানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে জানান, ১ জুলাই থেকে তিনি ছুটিতে। প্রশিক্ষণের জন্য তিনি সাভারে আছেন। এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই।বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ ফরম ও প্রকাশনা কার্যালয়ের (বিএফপিও) উপপরিচালক মজিবুর রহমান বিজি প্রেসের উপপরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি সব পরীক্ষায় প্রশ্নপত্র ছাপা হয় গোপনীয় শাখা থেকে। সারা বছরই এই শাখা থেকে অনেক পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়। গোপনীয় শাখা থেকে বাইরে প্রশ্ন যাওয়ার কোনো সুযোগ নেই।বিজি প্রেসের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, গোপনীয় শাখায় প্রশ্নপত্র তৈরির সময় শতভাগ নীতিমালা মেনে চলা হয়। প্রশ্নপত্র ছাপার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা প্রতিদিন সকালে আসেন এবং রাতে ফেরেন। আসা ও যাওয়ার সময় তাঁদের তল্লাশি করে পুলিশ। তাঁরা মোজা বা গেঞ্জি পরতে পারেন না। তাঁদের পক্ষে প্রশ্ন নিয়ে বাইরে যাওয়া সম্ভব নয়।একটি সূত্র জানিয়েছে, বিজি প্রেসে অনেক ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। তাতে সবকিছু রেকর্ড করা থাকে। প্রত্যেকের চলাচল এবং পুরো প্রক্রিয়া এতে রেকর্ড করা হয়। তবে এই প্রশ্নপত্র তৈরির সময় তা করা হয়েছে কি না, জানা যায়নি।আটক দুই কর্মচারীর ব্যাপারে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফা প্রশ্নপত্র ছাপার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর বাড়ি লালমনিরহাটে। আর হামিদুল ইসলাম সরকারি প্রিন্টিং প্রেসের বাইন্ডার। তাঁদের দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।