জড়ো হতে পারেননি অটোরিকশাচালকেরা
পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা এবং অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের শাস্তিসহ ১০ দফা দাবিতে রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের জড়ো হতে দেয়নি পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের লাঠিপেটায় তাঁদের পূর্ব ঘোষিত সমাবেশ পণ্ড হয়ে যায় এবং পাঁচজনকে আটক করেছে বলে দাবি করে অটোরিকশাশ্রমিকেরা।ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, সকাল থেকে তাঁরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তিনিসহ তিন-চারজন আহত হন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা প্রেসক্লাবের সামনে আবার জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে তা সম্ভব হয়নি।রাজধানীতে অটোরিকশার চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন ছিল গতকাল। ১০ দফা দাবিতে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি দিয়েছে। ধর্মঘট আহ্বানকারী দুই সংগঠনে প্রায় ১৮ হাজার সদস্য আছে বলে দাবি করেন নেতারা।অটোরিকশার চালকদের ১০ দফা দাবির মধ্যে আছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিতরণের সিদ্ধান্ত নেওয়া পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের দেওয়ার ব্যবস্থা করা, অতিরিক্ত জমা আদায়কারী অটোরিকশার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, অটোরিকশা পার্কিং স্থাপন করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পুনঃ পরীক্ষা নেওয়া বন্ধ করা, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানো বন্ধে ব্যবস্থা নেওয়া।