জয়, ক্রিকেট রোমাঞ্চের জয়!
আমাদের রাজনীতি নাকি অস্থিতিশীল? নস্যি! আমাদের শেয়ারবাজার নাকি উত্থান-পতনে ঠাসা? শিশু শিশু! ‘উত্থান’ আর ‘পতন’ কাকে বলে, ‘অস্থিতিশীলতা’ কত প্রকার ও কী কী—সেই সংজ্ঞা ভালো করে বুঝিয়ে দিল কালকের মিরপুর। গৌরবময় অনিশ্চয়তা তার চূড়ান্ত মার্গে পৌঁছে শোনাল ক্রিকেটের ধ্রুপদি গান। নিস্তরঙ্গ নদীতে যেন আকস্মিক ঝড়। উথালপাথাল উত্তেজনার সেই ঢেউ বারবার আছড়ে পড়ল আবেগের পাড়ে। উত্তেজনাহীন টানা কয়েকটি ম্যাচের পর বিশ্বকাপ দেখল নখ কামড়ে, খুবলে ফেলা এক ম্যাচ। মাভৈঃ!ক্ষণে ক্ষণে রং পাল্টাল ম্যাচ। বহুরূপী গিরগিটির মতো। নাকি এই উপমাও বড্ড খেলো!শুরু থেকেই শুরু করুন। বিনা উইকেটে বাংলাদেশ ৬ ওভারেই ৫১। বাংলাদেশের রান মুসা ইব্রাহীম হয়ে এভারেস্টে পৌঁছায় কি না, প্রেসবক্সে তা নিয়েই সরস আলোচনা। হুট করে সেই বাংলাদেশ ৮৬/৪। প্রেসবক্সের একটা অংশ ফাঁকা হয়ে গেল। যেন জরুরি কাজ ফেলে এসে এই ম্যাচটি দেখতে এসেছিলেন এঁরা। ছুটলেন সেই অসমাপ্ত কাজের সন্ধানে। পঞ্চম উইকেটে দারুণ এক জুটি, আবারও উল্লাস গ্যালারিতে। প্রেসবক্সেও সংক্রমিত উত্তেজনা। কিন্তু ২০৫ রানে অলআউট বাংলাদেশ।বাংলাদেশের ব্যাটসম্যানরা তখন খলনায়ক। বিকেল পাঁচটায় মোহাম্মদ আশরাফুল নামক এক ব্যাটসম্যানের মৃত্যু ঘোষণা। এলিজির প্রথম লাইন খুঁজছেন কেউ কেউ। সেই আশরাফুল ফিরে এলেন বোলার হয়ে; নায়ক হয়েও। এককালের লেগ স্পিনার আশরাফুল এখন যে অফ স্পিনের বিষ পুষে রেখেছেন, এ নিয়েও অনেকের মনে কত বিস্ময়!সেই আশরাফুল এক ওভারে ১৪ রান দিয়ে আবারও সমালোচনার তীরের মুখে। তাঁকে টানা বল করিয়ে যাওয়ায় অধিনায়ক সাকিবের প্রজ্ঞাও তখন প্রশ্নবিদ্ধ।পেশাদারের খোলস ছেড়ে প্রেসবক্সের সাংবাদিকেরা কখনো মুখরা সমালোচক, কখনো শিশুতোষ উচ্ছ্বাসে ভেসে যাওয়া যুক্তিবোধবিবর্জিত আবেগপ্রবণ সমর্থক। সিনিয়র সাংবাদিকদের কেউ কেউ তখন কপট রাগী রাগী চেহারায় তাকিয়ে। সেই তাকানোতে বারণ নেই, আছে উসকানি!বলে বলে কী হবে, সেই ভবিষ্যদ্বাণী করে প্রেসবক্সে রাতারাতি নায়ক হয়ে গেলেন একজন। ভবিষ্যদ্বাণী করায় সুখ্যাত আরেক সিনিয়র সাংবাদিক ‘ওস্তাদের মার শেষ রাতে’ তত্ত্বে বিশ্বাসী বলেই কিনা, করে বসলেন ফলাফলেরই আগাম ঘোষণা। বাংলাদেশ ম্যাচ জিতবে ১১ রানে! অথচ আইরিশরা তখন ৫ উইকেটে ১৫০। খুব ভালোমতোই জয়ের রাস্তায়।ম্যাচের রং পাল্টে দিলেন শফিউল। প্রথম দুই স্পেলে অধিনায়ক যাঁকে এক ওভার এক ওভার করিয়ে সরিয়ে নিয়েছিলেন। তৃতীয় স্পেলে ফেরা সেই শফিউলই হিরো। তাঁর জার্সির ‘১৩’ নম্বরটিও হয়ে গেল সৌভাগ্যের প্রতীক! একেকটি উইকেট নিচ্ছেন, আর ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ বলে উড়ে যেতে চাইছেন আকাশে। উড়ে যেতে চাইছে গ্যালারির ২৮ হাজার মানুষ।খুব কাছ থেকে দেখা বলে প্রেসবক্স, স্টেডিয়ামের উদাহরণই সবার আগে এল। এই ছবি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরেও। পুরো বাংলাদেশেই কি নয়?মুখে লাল-সবুজ আলপনা, বুকে দেশের প্রতি বর্ণিল আবেগ নিয়ে হাজির গ্যালারির প্রতিটি কোণে সেই একই ছবি। ম্যাচের মাঝখানে এক অংশের ক্ষুব্ধ সমর্থকেরা হতাশা যা পারলেন ছুড়ে মারলেন। কেউ চার-ছয়ের দাবি জানানো ব্যানার, কেউ বেজায় আওয়াজ তোলা নব্য আবিষ্কৃত প্লাস্টিকের ‘লাঠি’। সেই তাঁরাই একসময় হন্যে হয়ে খুঁজে বেড়ালেন ফেলে দেওয়া বাদ্য-উপকরণ। হাততালি আর গলা ফাটানো আওয়াজে কাজ হচ্ছে না। ওই লাঠি যে আবার চাই!‘ভুয়া ভুয়া’ বলে স্লোগানও তুলেছিলেন কেউ কেউ। ম্যাচ শেষে তাঁরাই সবচেয়ে জোর গলায় স্লোগান দিলেন—বাংলাদেশ, বাংলাদেশ!খেলার মাঝবিরতিতে স্টেডিয়ামের প্লাজা চত্বরে কথা হচ্ছিল কয়েকজন দর্শকের সঙ্গে। বোদ্ধামতো এক দর্শকের সপাট মন্তব্য, ‘ধুর, ক্রিকেট কোনো খেলাই না। সারা দিন মাটি। বোগাস, বোগাস।’ ম্যাচ শেষে সেই দর্শকের সঙ্গে কথা হয়নি। উপায়ও ছিল না। তবে বাজি ধরাই যায়, এই ভূগোলকে ক্রিকেটের মতো আর কোনো খেলার আবিষ্কার যে হয়নি, এ ব্যাপারে উচ্চকিত ছিলেন তিনিই।উত্তেজনা কি ছড়ায়নি পাথুরে চেহারা নিয়ে ‘লাল সাহেব’ হয়ে দাঁড়িয়ে থাকা দুই আম্পায়ারের মধ্যেও? ছড়িয়েছে অবশ্যই। না হলে নাঈমের করা ৩৮ নম্বর ওভারটি কেন হিসাবের গরমিলে হয়ে যাবে পাঁচ বলের! ক্রিকইনফোর ধারাভাষ্যে এখনো পাঁচ বলের ওভারই দেখাচ্ছে!রোমাঞ্চের উত্তেজনার রেণু হয়তো ছড়িয়ে পড়েছিল ধারাভাষ্যকক্ষেও। লিফটে দেখা মিলল ক্রিকেটাপ্লুত ইয়ান বোথামের। ৬১ বছরের এই জীবনের সিংহভাগটাই ক্রিকেটে কাটানো, স্মৃতিকোষে শত-সহস্র ম্যাচ দেখার অভিজ্ঞতা থাকার পরও যেন রোমাঞ্চিত দেখাল সুনীল গাভাস্কারকেও।তুঙ্গস্পর্শী উত্তেজনার পরবর্তী প্রতিক্রিয়ায় নাকি নিস্তেজ হয়ে পড়ে সবাই। স্নায়ুর ধকল সামলে নিতে বিশ্রাম চায় শরীর। কিন্তু বাঙালির উচ্ছ্বাসের বুঝি শেষ নেই। কাল বাংলাদেশ দলের বাসকে বরণ করে নিতে পুরো রাস্তায় ছিল জনারণ্য। জনতার ভিড় সরানো যাচ্ছিল না বলে রাস্তা পাল্টে অন্য দিক দিয়েও নাকি যেতে হয়েছে। রাত সাড়ে বারোটায় সাংবাদিকদের বহনকারী শেষ বাসটা যখন শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ছিল, উল্লসিত জনতা এবার অভিবাদন জানিয়ে বসল সাংবাদিককেরই!প্রাপ্য জয়টি সহজ পথে আসেনি বলেই এই বাড়তি আবেগ। অবশ্য কাল দর্শকদের সিংহভাগই অনেক পরিণতবোধের পরিচয় দিয়েছেন। দলের ভীষণ দুঃসময়েও উৎসাহ জুগিয়ে গেছেন। তামিম ম্যাচ সেরা নাকি শফিউল—এই আলোচনা থামিয়ে দিতে পারত, যদি ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হতো বাংলাদেশ দলের দ্বাদশ খেলোয়াড় হয়ে এই সমর্থকদের। যাদের সমর্থন নিঃস্বার্থ, নিঃশর্ত। জয়, ক্রিকেট রোমাঞ্চের জয়!