দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েই কাজের জায়গা ওভাল অফিসে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার আয়েশ করে বিজয় উদ্যাপনের অবকাশ নেই তাঁর। কারণ, ২১ জানুয়ারি নতুন করে দায়িত্ব নেওয়ার আগেই তাঁর দিকে ধেয়ে আসছে একটার পর একটা কঠিন চ্যালেঞ্জ, যার সব কটিই অর্থবিষয়ক।বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সমস্যাগুলোর সুরাহা করতে না পারলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে মার্কিন অর্থনীতিতে। তার আঁচ লাগবে ইউরোপসহ বাকি বিশ্বেও। সেই পরিস্থিতি এড়াতে ওবামাকে হয়তো ‘সেরাটা’ই দিতে হবে। বিজয় ভাষণে যে অঙ্গীকার জাতিকে দিয়েছেন তিনি, ওয়াশিংটনে ফিরে সেই তৎপরতাও শুরু করে দিয়েছেন পুনর্নির্বাচিত ওবামা।রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ২০০১ সালে বিশেষ ব্যবস্থায় কর কমানো হয়েছিল বড় আকারে। সেই বিশেষ ব্যবস্থার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। তার আগেই এ বিষয়ে কোনো একটা সুরাহা না করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে বুশের আগের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলের উচ্চ করহার। এতে করে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান পর্যায়ে করের বোঝা অনেক বেড়ে যাবে।এ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে ১ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার কাটছাঁটের মুখে পড়বে মার্কিন বাজেট, যদি না বিকল্প উৎস থেকে সমপরিমাণ অর্থের ব্যবস্থা কংগ্রেস করতে পারে। এ ক্ষেত্রেও কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতার মাধ্যমে একটা পথ ওবামাকে বের করতে হবে। আর একইভাবে আগামী মধ্য বসন্ত নাগাদ মার্কিন বৈদেশিক ঋণের পরিমাণ সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। সব মিলিয়ে এই বিষয়গুলোর জন্য দেশের অর্থনীতি যে কঠিন পরিস্থিতিতে পড়বে, তাকে মার্কিনরা বলে থাকেন ‘ফিসকাল ক্লিফ’। নতুন মেয়াদ শুরুর আগেই এই পরীক্ষার মুখে পড়তে হচ্ছে ওবামাকে।ওবামাও তাঁর এসব চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন আছেন এবং নির্বাচনে জেতার পর সময় নষ্ট না করে তৎপর হয়ে উঠেছেন। নির্বাচনী ঘাঁটি শিকাগো থেকে গত বুধবার হোয়াইট হাউসে ফিরেই যোগাযোগ শুরু করেছেন কংগ্রেস নেতাদের সঙ্গে। কেননা, তিনি জানেন, সমস্যা সমাধানের পথ বের করতে হলে কংগ্রেসে দুই দলের মতৈক্য ও সমঝোতার কোনো বিকল্প নেই। বিদ্যমান বিভেদমূলক রাজনৈতিক আবহে এ কাজটা সহজ হবে না। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এখনো সংখ্যাগরিষ্ঠ।প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা জন বোয়েনার এবং কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলকে ফোন করে কথা বলেছেন ওবামা। একই সঙ্গে নিজের ডেমোক্র্যাট দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও আলাপ করেছেন তিনি।মঙ্গলবার গভীর রাতের বিজয় ভাষণে ওবামা বলেছেন, ‘আগামী সপ্তাহগুলোতে আমি গভর্নর রমনির সঙ্গে বসব। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে আলোচনা করব।’হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, দলীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে বাজেট ঘাটতি, মধ্যবিত্ত পরিবার ও ছোট ব্যবসায়ীদের কর হ্রাসসহ কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রেসিডেন্ট তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ওই কর্মকর্তা আরও জানান, উভয় দলকেই দেশের অর্থনীতিকে নিজেদের দলীয় স্বার্থের ওপরে স্থান দিতে হবে। মার্কিন ভোটাররা নির্বাচনে সেই ইঙ্গিতই দিয়েছেন বলে মনে করেন ওবামা।এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দুঃসাধ্য সাধনে ওবামা কি তাঁর বিরোধী শিবির রিপাবলিকানদের কাছ থেকে সহযোগিতা পাবেন? তাঁরা তো তাঁকে এক মেয়াদের প্রেসিডেন্ট বানাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। রমনি বা রিপাবলিকানদের দিক থেকে ওবামা কতটুকু সহযোগিতা পাবেন, তা দেখা যাবে শিগগিরই। তবে রমনি বলেছেন, ‘আমেরিকার সামনে বিরাট চ্যালেঞ্জ। আমি প্রার্থনা করছি, দেশকে নেতৃত্ব দিতে প্রেসিডেন্ট যেন সফল হন।’ শুধু প্রার্থনা নয়, রিপাবলিকানদের থেকে সত্যিকারের সহযোগিতাও প্রয়োজন হবে ওবামার।