জয় এক দক্ষিণ আফ্রিকানেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের বিজয় মিছিল। সেই মিছিলের অগ্রভাগে শচীন রমেশ টেন্ডুলকারের আশ্রয় হলো সতীর্থদের কাঁধে। ‘এই বিশ্বকাপটি টেন্ডুলকারের জন্য জিততে চাই আমরা’—দৃশ্যটি মহেন্দ্র সিং ধোনির দেওয়া পূর্বপ্রতিশ্রুতিরই প্রতিচ্ছবি। ঠিক পেছনেই আরও একজনকে বয়ে বেড়াচ্ছিল ক্রিকেটারদের কাঁধ। গ্যারি কারস্টেন। বিশ্বকাপ জয়ের আনন্দ অনুভূতিগুলো তখন টেন্ডুলকারের মতোই মুক্তোর দানার মতো ঝরছিল এই দক্ষিণ আফ্রিকানের চোখে-মুখে। বিশ্বকাপ জয়ের আনন্দ। একজন দক্ষিণ আফ্রিকানের কাছে এ তো অনাস্বাদিতপূর্ব!বিস্ময়ে ঘোর লাগা সত্যই বটে। বিশ্বকাপ মানেই দক্ষিণ আফ্রিকানদের জন্য স্বপ্নভঙ্গের বেদনা। বিশ্বকাপের মতো বড় ম্যাচের চাপ সইতে পারে না, ওরা ‘চোকার্স’। এবারের ক্ষণটি বাদ দিলে গ্যারি কারস্টেনের জন্যও বিশ্বকাপ এর অন্যথা নয়। ১৯৯৬ থেকে ২০০৩—দক্ষিণ আফ্রিকার জার্সিটা গায়ে চড়িয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ। ১৯৯৬ বিশ্বকাপে ফেবারিট হয়েও কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায়। ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার দুটি ট্র্যাজেডিরই মাঠের স্বাক্ষী বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক কারস্টেন।খেলোয়াড়ী জীবনের অতৃপ্তিটা কারস্টেন মেটালেন কোচ হিসেবে। দক্ষিণ আফ্রিকান হিসেবে আজন্ম আক্ষেপ হয়ে থাকা বিশ্বকাপ স্বাদটা কারস্টেন মেটালেন ভারতের হয়ে। কিন্তু বিশ্বকাপ তো বিশ্বকাপই। তা সে যে ভূমিকাতেই জিতুন, অনুভূতিটা বিশেষ। ক্রিকেটার-জীবনের ওই ট্র্যাজেডির কারণে কারস্টেনের কাছে তা আরও বেশি রঙিন।পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের রঙিন আলোয় রায়না-কোহলিদের কাঁধে ভর করা কারস্টেনের হাসিতে তাই ছিল আলাদা তৃপ্তি, আলাদা আবেগ। ২০০৩ বিশ্বকাপে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কার কাছে, বৃষ্টি আইনের অদ্ভুতুড়ে নিয়ম বুঝতে ভুল করে! ওই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্যারিয়ার শেষ গ্যারি কারস্টেনের। কদিন পরই নিউজিল্যান্ড সফর দিয়ে ইতি টানেন ক্রিকেট ক্যারিয়ারের। অবসরের কদিন পরই ব্যাটিং কোচ হিসেবে কারস্টেন কাজ শুরু করেন দক্ষিণ আফ্রিকান দল ওয়ারিয়র্সে। ২০০৬ সালে কেপটাউনে গড়ে তোলেন নিজের ক্রিকেট একাডেমি। ২০০৭ সালের বিশ্বকাপ ব্যর্থতায় অস্ট্রেলীয় কোচ গ্রেগ চ্যাপেলকে বিদায় করে দেওয়ার পর নতুন কোচের খোঁজে নামে ভারত। একপর্যায়ে প্রস্তাব দিয়ে বসে কারস্টেনকে।ওই বছরেরই ডিসেম্বরে কারস্টেন ভারতীয়দের নিশ্চিত করে দেন, তাদের প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে ভারতের কোচ হিসেবে কাজে যোগ দেন ২০০৮ সালের মার্চে। কারস্টেনের হাত ধরেই ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। প্রথমে দুই বছরের চুক্তি হলেও পরে চুক্তিটা নবায়ন করা হয় ২০১১ বিশ্বকাপ পর্যন্ত। সেই হিসেবে এবারের বিশ্বকাপই ছিল ভারতের কোচ হিসেবে তাঁর শেষ। শেষ পর্বে এসেই কারস্টেন ভারতকে দিলেন সেরা উপহার—বিশ্বকাপ। পরশু মুম্বাইয়ের ফাইনালে তাই শ্রীলঙ্কাকে হারিয়ে শুধু ভারত বিশ্বকাপ জেতেনি, বিশ্বকাপ জিতেছেন ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনও। বিশ্বজয়ের আনন্দ জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় বয়ে নিয়ে যাওয়ার জন্য কারস্টেন হয়তো বাক্স-পেটরা গোছগাছও শুরু করে দিয়েছেন।