জয় ক্রিকেট জনতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার প্রথম আধা ঘণ্টা আর শেষ আধা ঘণ্টা ছিল বাংলাদেশের জন্য আলোকিত। প্রথমটা তীব্রতায় উজ্জ্বল, শেষেরটা কিছুটা ম্লান, কিছুটা কাঁপা কাঁপা। বাকি খেলার পুরোটা ছিল আইরিশদের পরিকল্পিত নিয়ন্ত্রণে। তবু আমরা জিতলাম। কারণ, সার্বিক প্রাক-বিশ্লেষণে আমাদের শুধু জেতার কথাই ছিল না, জেতাটা আমাদের ক্রিকেটের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য অপরিহার্য ছিল। আমরা জিতলাম, কারণ ম্যাচের ধারায় পড়া দুঃসময়ের কবল থেকে নিজেদের বের করে আনার মতো শক্তি আমাদের ক্রিকেটাররা অর্জন করেছেন। আমরা জিতলাম, কারণ সাকিবরা বিশ্বাস রেখেছিলেন ২০৫ রানের স্বল্প পুঁজি নিয়েও ম্যাচ জেতা সম্ভব। দলের সব সদস্য আস্থাশীল ছিলেন দলীয় অধিনায়ক কোনো না কোনো উপায় বের করবেন ঝড়ে পড়া নৌকাটা বিজয়ের ঘাটে পৌঁছাতে। এ আস্থার, এ বিশ্বাসের ভাগিদার ছিল মাঠে উপস্থিত দর্শকই শুধু নয়, সারা দেশবাসী। খেলা যত এগিয়েছে, সম্ভাব্য ফলাফল নিয়ে স্নায়ুচাপ বেড়েছে খেলোয়াড়দের ওপর। মাঠভরা দর্শক সে চাপ শুষে নিয়ে মধ্য মাঠের ১১ জনকে নির্ভার রেখেছে। প্রতিটি প্রাসঙ্গিক মুহূর্তে উৎসাহ দিয়ে, ভরসার বার্তা পাঠিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা পাশে আছি, জানি তোমরা পারবে। হতাশার কোনো ছোয়া ছিল না জনতার আচরণে। দারুণ প্রণোদনা সঞ্চারী ছিল গ্যালারির সে সমর্থন।আমাদের ক্রিকেটারদের স্নায়ুতন্ত্রের প্রতি ইঞ্চিতে বিজয়াকাঙ্ক্ষা ছড়িয়েছে, ঘুরে দাঁড়ানোর প্রবণতা ক্ষিপ্ত করেছে সেই সমর্থন। তারই প্রকাশ্য প্রকাশ দেখেছি আশরাফুলের উইকেট-সংহার উদ্যাপন নৃত্যে, দেখেছি ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট নিয়াল ও’ব্রায়েনকে সাজঘরে ফেরানো তামিমের দুর্দান্ত ক্যাচে, দেখেছি শেষ ত্রাণের উৎস হয়ে ফিরে আসা শফিউলের বাংলাদেশের আকাশজুড়ে উড়ে যাওয়ার বাহু মেলা ভঙ্গিতে। এ জয়ের পেছনে অন্তর্গত বিশ্বাস থেকে বলছি—জনতার অবদান অনেক। এ জয় আমাদের বিশ্বকাপ স্বপ্নকে, বিশ্বকাপ নিয়ে আমাদের আনন্দ-উপভোগকে চলমান রাখল। সামনে এ স্বপ্ন, এ উপভোগ আরও মেদবহুল হবে। শুক্রবার রাতের দেশজোড়া বিজয় উৎসবই জানান দিয়েছে আমাদের ক্রিকেটাররা জনসমুদ্রে কী তুফান সঞ্চারিত করেছেন। এ উৎসাহের জোয়ারে সমৃদ্ধ হবে আমাদের চলমান ক্রিকেট-চর্চা। প্রতিটি ক্রিকেট শিশুর ইচ্ছায় জাগবে বিশ্বকাপ জেতার বাস্তব কল্পনা। ক্রিকেট জনতার জয় হোক। সে জয় মহিমা পাক আরও অনেক ক্রিকেট উৎসবে।শুক্রবার রাতে বিজয়ানন্দে আনন্দ-উল্লাস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মহাখালীতে আহত হয়েছে কিছু তরুণ ক্রিকেটভক্ত। খবরে দেখলাম, তাদের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার দ্রুত আরোগ্য কামনা করি।