জয় নিয়ে দেশে ফেরার স্বপ্ন
‘কাল আমরা ভালো ফাইট দেব’—র্যাঙ্কিংয়ে এক নম্বর দলের বিপক্ষে খেলার আগে র্যাঙ্কিংয়ে নয় নম্বর দলের অধিনায়ক এ ছাড়া আর কীই-বা বলবেন! ম্যাচে যেকোনো কিছুই হতে পারে সত্যি, কিন্তু ম্যাচের আগে জয়ের কথা বলাটা বাড়াবাড়ি শোনাবে না?অথচ কথাটা কে বলছেন, জানেন? আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অধিনায়ক! নয় নম্বর দলের অধিনায়ক যেখানে বলছেন, ‘আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা জয় নিয়ে দেশে ফিরতে চাই।’ পাহাড়ের অপরূপ পশ্চাৎপট নিয়ে দাঁড়িয়ে থাকা পাল্লেকেলে স্টেডিয়ামে কাল দুপুরে দুই অধিনায়কের সংবাদ সম্মেলনে সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। এখানে কোন দল ‘এক’ নম্বর আর কোনটি ‘নয়’! র্যাঙ্কিংয়ে এক আর নয় নম্বর দলের ম্যাচে কে ফেবারিট, এই আলোচনাটাই তো হওয়ার কথা নয়। কী আশ্চর্য, তা শুধু হচ্ছেই না; আবহটা এমন যে, নয় নম্বর দলটিকেই মনে হচ্ছে ফেবারিট!ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে মিউজিক্যাল চেয়ারের খেলা চলেছে গত কিছুদিন। টেস্ট র্যাঙ্কিং নিয়ে এই খেলাও খুব বেশি দিন আগের কথা নয়। ব্যতিক্রম টি-টোয়েন্টি, যেখানে শীর্ষস্থানকে বলতে গেলে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। কিন্তু এই শ্রীলঙ্কা তো সেই শ্রীলঙ্কা নয়। কাল সকালে শ্রীলঙ্কার অনুশীলনে লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস আর দীনেশ চান্ডিমালকেই শুধু আলাদা করে চেনা গেল। আরও দু-একটা চেনা মুখ আছে। তবে সেই অর্থে তারকা বলতে এই দলে শুধু মালিঙ্গাই। চান্ডিমাল অধিনায়ক হতে পারেন, কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিই তো খেলেছেন মাত্র ১৪টি। যাতে ৫৬ রানের একটি ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই-ও। শ্রীলঙ্কা দলের প্রতীক হয়ে ওঠা মাহেলা জয়াবর্ধনে নেই, তিলকরত্নে দিলশান নেই, নেই কুমার সাঙ্গাকারাও। শেষ দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের কারণে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিস করা জয়াবর্ধনে এখন ফিট। দলের খোলনলচে বদলে দিয়ে নতুন পথে যাত্রার নেশায় তাঁকেও উপেক্ষা করেছে জয়াসুরিয়ার নির্বাচক কমিটি। অথচ জয়াবর্ধনে এখনো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান। দিলশান ১২, সাঙ্গাকারা ১৩। জেনে বিস্মিত হবেন, ৫৩ নম্বরে থেকেও দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্কিং মোহাম্মদ আশরাফুলের! তার ওপরে শুধু শ্রীলঙ্কার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। খুব বেশি ওপরে নয়। অ্যাঞ্জেলো ম্যাথুস ৫০ নম্বরে।র্যাঙ্কিং-ফ্যাঙ্কিং কখনো কখনো হাস্যকর মনে হয়। কিন্তু নিজেদের পক্ষে থাকলে তখন আবার সেটির মাহাত্ম্য বেড়ে যায়। মুশফিকুর রহিম যেমন দলকে বলতে পারেন, তোমরা কি জানো, দুই দলের বোলারদের মধ্যে সেরা আমাদেরই একজন! টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা বোলার বলে লাসিথ মালিঙ্গার একটা পরিচিতি আছে। তবে র্যাঙ্কিং কিন্তু তাঁর চেয়েও এগিয়ে রাখছে বাংলাদেশের বাঁহাতি স্পিনারকে। আবদুর রাজ্জাক ৯ নম্বরে, মালিঙ্গা ১২। শীর্ষ দশে শ্রীলঙ্কার দুজন বোলার আছেন। কিন্তু অজন্তা মেন্ডিস (৩) ও নুয়ান কুলাসেকারাও (৫) এই ম্যাচে দর্শক। সব মিলিয়ে মাত্র ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পরও বাংলাদেশই বোধ হয় অভিজ্ঞতায় এগিয়ে।যে কারণে ‘টি-টোয়েন্টি আমরা খুব ভালো খেলি না’ স্বীকার করার পরও মুশফিকুরের কাছে এই ম্যাচটিকে মনে হচ্ছে ‘বড় সুযোগ’। তবে তার মানে যে এই নয়, বাংলাদেশ জিতে গেছে—সেটি বুঝিয়ে দিলেন সুনির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করে—এক. শ্রীলঙ্কা নিজেদের দেশে খেলছে। দুই. ওদের তরুণেরাও খুব ভালো। তিন. টি-টোয়েন্টিতে কোনো দলকে ফেবারিট বলা খুব কঠিন। তবে সাঙ্গাকারা ও দিলশানের অনুপস্থিতিটা যে তাঁকে বড় স্বস্তি দিচ্ছে, সেটি গোপন রাখলেন না। ‘দিলশান আর সাঙ্গাকারা পুরো সিরিজে আমাদের খুব ভুগিয়েছে। ওরা দুজন নেই, এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো।’ সেটি আর বলতে! দুই টেস্টে সাঙ্গাকারার তিন সেঞ্চুরি, ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচটা বাদ দিলে দিলশানের দুই ম্যাচে দুই। এই দুজন নেই বলে বাংলাদেশের দুশ্চিন্তার জায়গা বোলিং নিয়েও একটু ভরসা পাচ্ছেন অধিনায়ক, ‘ওদের নতুন ব্যাটসম্যানদের আমাদের বোলারদের সম্পর্কে ভালো ধারণা নেই।’ এসএলপিএল খেলার সুবাদে মুশফিকুর অবশ্য ওদের ভালোই চেনেন।গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পাল্লেকেলেতেই খেলেছে বাংলাদেশ। এর সঙ্গে এবার তৃতীয় ওয়ানডে খেলার অভিজ্ঞতা থেকে ‘হাই স্কোরিং’ একটা ম্যাচের পূর্বাভাস দিলেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ড্র আর ওয়ানডে জয়ের আনন্দের সঙ্গে ‘শেষ ভালো’ যোগ করার যে স্বপ্ন দেখছেন, তাঁর কাছে সেটির পূর্বশর্ত মনে হচ্ছে একটাই। ‘পাওয়ার প্লে’ আর শেষের ওভারগুলোতে ভালো বোলিং করা।শ্রীলঙ্কা দলে নতুনের সমারোহ যে একটা বিতর্কও যোগ করেছে, তা নিয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে সনাৎ জয়াসুরিয়াকে। কাল চান্ডিমালের সংবাদ সম্মেলনেও তথ্যমন্ত্রীর ছেলে রামিথ রামবুকওয়ালাকে নিয়ে প্রশ্ন হলো। ‘এটি নির্বাচকদের ব্যাপার’ বলে যা এড়িয়ে গেলেন চান্ডিমাল। মন্ত্রীর ছেলে পরিচয় এই ব্যাটিং অলরাউন্ডারের দলভুক্তিতে কতটা ভূমিকা রেখেছে, সেটি জয়াসুরিয়াই ভালো জানেন। তবে এই ম্যাচে প্রায় নতুন এক দল নামিয়ে বড় একটা ঝুঁকিই নিয়েছে তাঁর কমিটি। বাংলাদেশ জিতলে রেটিং পয়েন্ট ১০ বাড়বে, কিন্তু নিউজিল্যান্ডকে পেছনে ফেলে আট নম্বরে উঠে যাওয়ার জন্য সেটিও যথেষ্ট নয়। কিন্তু তাতে র্যাঙ্কিংয়ে একটা অভ্যুত্থান হবে। ওয়েস্ট ইন্ডিজের কাছে শীর্ষস্থান হারাবে শ্রীলঙ্কা।আজ জিতলে শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফেরার আনন্দ। সঙ্গে ওটাও বোধ হয় একটু বাড়তি একটা তৃপ্তি যোগ করবে!