ভালোতে মন্দ চাপা পড়বে—এটাই স্বাভাবিক। পরশু কেনিয়ার বিপক্ষে পাকিস্তানের ২০৫ রানের জয়েও মনে হয় চাপা পড়ল পাকিস্তানকে ঘিরে থাকা কিছু বিতর্ক। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদিকে স্পট ফিক্সিং বা অন্য কোনো বিতর্ক নিয়ে কথা বলতে হয়নি।বিশ্বকাপ খেলতে আসার পর থেকেই পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস আর অধিনায়ক আফ্রিদি ‘স্পট ফিক্সিং ও ২০০৭ বিশ্বকাপের ব্যর্থতা’ নিয়ে কথা বলতে বলতে হয়রান! তবে পরশু আফ্রিদি কথা বলতে পারলেন শুধুই ক্রিকেট নিয়ে, জয় নিয়ে।কেনিয়ার বিপক্ষে জয় পাকিস্তান শিবিরে একমুঠো তাজা বাতাস নিয়ে এসেছে। সেই তাজা বাতাসে স্বস্তির সঙ্গে নিঃশ্বাস নিচ্ছেন আফ্রিদিরা। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমরা ভালো একটা শুরু চেয়েছিলাম এবং সেটা পেয়েছি।’ তবে এই ভালো শুরুর আনন্দে ভেসে যেতে চান না আফ্রিদি। প্রথম বড় ম্যাচ তাঁদের আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে, ওই ম্যাচ নিয়েই ভাবতে শুরু করে দিয়েছেন তিনি, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটি নিয়ে ভাবছি। আমার মনে হয়, এটা বেশ কঠিনই হবে। কেনিয়ার বিপক্ষে ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি আমরা।’টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। ইনিংসের শুরুতেই একটা ধাক্কা খায়, ৭ ওভারের মধ্যে মাত্র ১২ রান তুলতে হারিয়ে ফেলে দুটি উইকেট। তবে পরে এটা পুষিয়েও নেয়। ব্যাটিং পাওয়ার প্লেতে ৭০ রান তোলে তারা। আফ্রিদি বলেছেন, এটাই পাকিস্তানের খেলার ধরন, ‘প্রথমে ইনিংস গড়ো, পরে রান তোলো।’ এভাবে খেলেই কেনিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৩১৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান।মিডল অর্ডারে চারজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে এই ঘটনা ঘটল নবমবারের মতো। মিডল অর্ডারের ব্যাটিংয়ে খুশি পাকিস্তান অধিনায়ক, ‘আমরা বড় স্কোর করতে চেয়েছি। মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করেছে বলে সেটা পেরেছি।’ তবে আফ্রিদি সবচেয়ে খুশি শোয়েব আখতার ভালো বোলিং করায়, ‘এ রকম স্লো উইকেটেও শোয়েব ভালো বোলিং করেছে।’ কোনো উইকেট পাননি শোয়েব, তবে ৫ ওভার বল করে একটি মেডেনসহ দিয়েছেন মাত্র ১০ রান।আফ্রিদি নিজে করেছেন বিশ্বকাপে তাঁর সেরা বোলিং। ৮ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তবে ব্যাট হাতে ব্যর্থ, করেছেন মাত্র ৭ রান। নিজের পারফরম্যান্স নিয়ে আফ্রিদির কথা, ‘আগে আমি বোলার, এরপর ব্যাটসম্যান।’ তবে সবকিছুর পরও পুরো দলেরই আরও উন্নতি চাইছেন আফ্রিদি, ‘সবক্ষেত্রে আমরা ভালো করিনি। আমার মনে হয়, বোলিংটা ৭০ শতাংশ ভালো হয়েছে।’বিধ্বস্ত কেনীয় অধিনায়ক জিমি কামান্ডের বলার বেশি থাকতে পারত না। নত মস্তকে পাকিস্তানের সঙ্গে তাঁর দলের বিশাল ব্যবধানকে স্বীকার করে নেওয়া ছাড়া আর কী করতে পারতেন! বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ ৪৬টি অতিরিক্ত রান দিয়েছে কেনিয়া। কামান্ডের মনে খেদ ওটুকুই, অতিরিক্ত রানের ব্যাপারে আরেকটু সতর্ক থাকলে পাকিস্তানের রানটা কম হতে পারত। এএফপি, ওয়েবসাইট।