বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে জয়-পরাজয়ে ভূমিকা রাখবে নতুন ভোটার, উন্নয়নবঞ্চিত বর্ধিত অঞ্চল, জলাবদ্ধতা, স্থানীয় ও জাতীয় রাজনীতির প্রভাব। বরিশালের বিশিষ্ট নাগরিক, প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। মেয়র পদে ১৪ দল-সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী শওকত হোসেন, ১৮ দল-সমর্থিত ও জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহমুদুল হক খান এসব দিক বিবেচনায় নিয়েই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি সাবেক যুগ্ম সচিব এম মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ১৫ জুন বরিশাল সিটি নির্বাচনে জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখবে ৩১ হাজার নতুন ভোটার, উন্নয়নবঞ্চিত বর্ধিত অঞ্চল, সামগ্রিক উন্নয়ন ও রাজনীতি। স্থানীয় নির্বাচনেও জাতীয় রাজনীতির প্রভাব পড়ে। এখানে দক্ষতার চেয়ে দলীয় প্রভাব, যুক্তির চেয়ে আবেগ বেশি কাজ করে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এ বছর মোট ভোটার দুই লাখ ১০ হাজার ৮৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাত হাজার ২১৩ এবং নারী এক লাখ তিন হাজার ৬৪২ জন। গতবার ভোটার ছিল এক লাখ ৭৯ হাজার ৩৯৩ জন। নতুন ভোটার ৩১ হাজার ৪৬২ জন। মোট ভোটারের চার ভাগের এক ভাগ বর্ধিত অঞ্চলের। বর্ধিত অঞ্চলে রয়েছে উন্নয়ন নিয়ে ক্ষোভ। বর্ধিত অঞ্চল কাশীপুর ইউনিয়নের একাংশ ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা গ্রামের আলী হোসেন হাওলাদার বলেন, ‘নির্বাচনের সময় আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার পর বর্ধিত এলাকার উন্নয়ন হয় না। এসব বিবেচনায় নিয়েই ভোট দেব।’ ৪ নম্বর ওয়ার্ডের ভোটার রফিকুল ইসলামও বললেন দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চনার কথা। একই অভিযোগ ৩, ২৭, ২৮, ২৯ নম্বর ওয়ার্ডসহ বর্ধিত অঞ্চলের অনেক ভোটারের। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল জেলা সভাপতি আক্কাস হোসেন বলেন, বর্ধিত অঞ্চলের ভোটার নির্বাচনের ফলাফলে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই মেয়র পদপ্রার্থীরা ওই সব অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সাম্প্রতিক ভয়াবহ তাণ্ডব এবং জাতীয় রাজনীতি নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করেন অধ্যক্ষ মো. হানিফ। কয়েকজন মনে করেন, ঢাকায় গত ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে সংঘটিত ঘটনাও এ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া সব মেয়রের আমলে খাল দখল ও ভরাটের কারণে সৃষ্ট জলাবদ্ধতার সমস্যাও ভোটে নিয়ামক হবে। জয়-পরাজয়ে যাঁরা অন্যতম ভূমিকা রাখবেন, সেই নতুন ভোটাররা অবশ্য বলছেন, ভালো কাজের মূল্যায়ন করা উচিত। তাঁরা তরুণদের সম্ভাবনা, নাগরিক সুবিধা, তথ্যপ্রযুক্তি ও সার্বিক উন্নয়নের দিক বিবেচনায় নিয়ে ভোট দেবেন। নতুন ভোটারদের একজন কলেজছাত্রী ফারজানা আক্তার বলেন, ইতিপূর্বে দুই জোটের দুই মেয়র ছিলেন। তাই কার সময়ে কত উন্নয়ন হয়েছে তা মূল্যায়ন করে ভোট দেবেন। নতুন ভোটারের প্রসঙ্গে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেন বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে রায় দিয়েছেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অরাজনৈতিক হলেও নতুন প্রজন্মের ভোটাররা স্বাধীনতার পক্ষের শক্তিকেই ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি। এ ছাড়া তরুণ প্রজন্ম আধুনিকতায় বিশ্বাসী। তাদের জন্য আমি মেয়র থাকাকালে সাধ্যমতো তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিয়েছি।’ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র পদপ্রার্থী আহসান হাবিব বলেন, নতুন ভোটারদের কথা মাথায় রেখেই নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণ করা হয়েছে। তাঁদের মূল লক্ষ্য হচ্ছে, নতুন ভোটারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। বর্ধিত অঞ্চল এবং হেফাজতে ইসলামের ভোট টানার চেষ্টা করছেন আহসান হাবিব। তিনি বর্ধিত অঞ্চলের ভোটারদের বঞ্চনাবোধকে কাজে লাগানোর চেষ্টা করছেন। অন্যদিকে শওকত হোসেনের দাবি, ব্যাপক উন্নয়নে নতুন প্রজন্ম সন্তুষ্ট এবং বর্ধিত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এতে এসব ভোট তাঁর অনুকূলে বলে মনে করছেন তিনি।