জয় পেতে সরকার ও দলের সর্বাত্মক চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বেশ চাপে পড়েছে সরকার ও আওয়ামী লীগ। চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর এই নির্বাচনে জয় না পেলে তা সরকারের জন্য খুবই অসম্মানজনক হবে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। ফলে জয় পেতে সরকার ও দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে।জ্যেষ্ঠ নেতারা স্বীকার করেন, জাতীয় নির্বাচন সামনে থাকায় গাজীপুর সিটি নির্বাচনে জয়-পরাজয় আওয়ামী লীগের অস্তিত্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে ভোটের লড়াইয়ে জিততে সব শক্তি নিয়ে মাঠে নামতে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারের নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, ‘চার সিটির পর গাজীপুরের নির্বাচনে হারলে আওয়ামী লীগের অস্তিত্ব বলে কিছু থাকে না। তাই সব শক্তি নিয়ে মাঠে নামা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’সরকার ও আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই গাজীপুরের নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতি ও প্রচারণার বিষয়ে খোঁজখবর রাখছেন। এ ছাড়া এ নির্বাচনে দলের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখভালের জন্য তিনি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দিয়েছেন। গাজীপুরের নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন পেতে প্রধানমন্ত্রী দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি এরশাদের কাছে জাতীয় পার্টির প্রকাশ্য সমর্থন চান।এর আগে আওয়ামী লীগের সভানেত্রী এককভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে গাজীপুরের আওয়ামী লীগের নেতাদের ডেকে নির্দেশ দেন। শনিবার রাতে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমকে ডেকেও তিনি আজমত উল্লা খানের পক্ষে সার্বক্ষণিক কাজ করার নির্দেশ দেন। তিনি ওই দুই মন্ত্রীকে এরশাদের কাছে পাঠান। গতকাল রোববার রাতেও ওবায়দুল কাদের ও নানক এরশাদের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, নির্বাচনের শেষ মূহূর্তে হলেও এরশাদকে মাঠে নামাতে চান নেতারা। তাঁরা এরশাদকে সঙ্গে নিয়ে গাজীপুর ও টঙ্গীতে আজমত উল্লা খানের পক্ষে নির্বাচনী প্রচারণা করতে চান। তাঁরা এরশাদকে এ ব্যাপারে প্রস্তাবও দিয়েছেন। কিন্তু এরশাদ এতে সম্মতি দিচ্ছেন না। আওয়ামী লীগের নেতাদের ধারণা, এরশাদ মাঠে নামলে তাঁর দলের নেতা-কর্মীরা একযোগে মাঠে নামবেন।জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা বলেন, স্থানীয় নির্বাচনে সরাসরি সমর্থন করা কঠিন। কেননা, অনেক নেতা-কর্মী ইতিমধ্যে নানাভাবে এই নির্বাচনে সম্পৃক্ত হয়ে পড়েছেন।আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে কাজ করতে ৫৭ জন দলীয় সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা প্রতি ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালাবেন। এ ছাড়া দলের সব কেন্দ্রীয় নেতা ও উপকমিটির সদস্যদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত সংস্কৃতিকর্মীদের মাঠে নামতে বলা হয়েছে। এ ক্ষেত্রে দুজন সাংসদ শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নির্বাচনী প্রচারের বিষয়টি সমন্বয় করছেন।