ঘরে খাবার ছিল না। ছিল না ভালো জামা-কাপড়। পরিবারে চরম দারিদ্র্য। কিন্তু মনে ছিল অঙ্গীকার, ছিল সাফল্য লাভের তৃষ্ণা। সুদৃঢ় মনোবলের এই ছেলে-মেয়েরা জিপিএ-৫ পেয়ে এসএসসিতে পেয়েছিলেন প্রাথমিক সাফল্য। তাঁদের কষ্টে মেশানো সে সাফল্যগাথা ছাপা হয়েছিল প্রথম আলোতে, দুই বছর আগে। ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে তাঁদের দেওয়া হয়েছিল সংবর্ধনা। ওই অনুষ্ঠানে তাঁদের দারিদ্র্য বিজয়ের গল্প শুনে সেদিন অনেকে অশ্রুসিক্ত হয়েছিল। এসব অদম্য মেধাবীর মধ্য থেকে বাছাই করে অতি দরিদ্র ৪০ জনের উচ্চমাধ্যমিকে পড়াশোনার দায়িত্ব নিয়েছিল প্রথম আলো ট্রাস্ট। বিনিময়ে তাঁরা কথা দিয়েছিলেন এইচএসসিতেও ভালো কিছু করার। তাঁরা রেখেছেন সেই প্রতিশ্রুতি। ১৭ জন পেয়েছেন জিপিএ-৫। এই অদম্যরা আবারও কথা দিচ্ছেন সফল হওয়ার, সুনাগরিক হওয়ার, মানুষের মতো মানুষ হওয়ার। তাঁদের আকাঙ্ক্ষার জয় হোক।গতকাল শনিবার ছাপা হয়েছে আটজনের গল্প, আজ রোববার পড়ুন বাকি নয়জনের কথা। জেমি খাতুন: বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের রিকশাচালক জালাল উদ্দিনের মেয়ে জেমি খাতুন। রিকশা চালানোর সময় রাস্তায় কুড়িয়ে পাওয়া কাগজ নিয়ে আসতেন জালাল। তাতেই পড়া লিখতেন জেমি। এসএসসিতে জিপিএ-৫ পান তিনি। সেই জেমি এবারও শহরের জাহিদুর রহমান মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। জেমি চিকিৎসক হতে চান। কোচিং ছাড়াই নিচ্ছেন ভর্তির প্রস্তুতি। অর্থাভাবে যদি মেডিকেলে পড়তে না পারেন তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করবেন। আফরোজা: ‘বাবার মৃত্যুর সময় ছিলাম মায়ের গর্ভে। দুই বছর বয়সের সময় আমাকে রেখে মা অন্যত্র বিয়ে করে চলে যান।’ কথাগুলো ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের প্রয়াত আবদুল মান্নানের মেয়ে আফরোজার। জন্মের পর থেকে অযত্নে-অবহেলায় বড় হয়েছেন। ছিল না বই-খাতা কেনার সুযোগ। হতদরিদ্র মামা মহিদুল ইসলাম আফরোজাকে এসএসসি পর্যন্ত পড়িয়েছেন। এসএসসিতে জিপিএ-৫ পান আফরোজা। তখন তাঁর পাশে দাঁড়ায় প্রথম আলো। মানবিক বিভাগের ছাত্রী আফরোজা এবার ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এম এ খালেক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন। মামা মহিদুল ইসলাম বলেন, ‘আফরোজার ইচ্ছা ইংরেজি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার। কিন্তু ওর পড়ালেখার খরচ চালানোর সামর্থ্য আমার আর নেই।’রেজাউল করিম: রেজাউল করিমদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামে। বাবা আবদুর রাজ্জাক রিকশা চালান। ২০০৭ সালে রেজাউলের গলায় ক্যানসার ধরা পড়ে। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রায় লাখ টাকা ঋণ নেন রাজ্জাক। ঋণ পরিশোধ, লেখাপড়া আর নিজের চিকিৎসার খরচ জোগাতে একপর্যায়ে রিকশা চালাতে শুরু করেন রেজাউল। রিকশা চালিয়েই এসএসসিতে জিপিএ-৫ পান। সেই রেজাউল এবার মানিকগঞ্জের খান বাহাদুর আউলাদ হোসেন খান ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।রেজাউলের ইচ্ছে ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট হওয়া।শ্যামলী রানী বর্মণ: অদম্য মেধাবী শ্যামলী রানী বর্মণ এবার দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর বাড়ি ফুলবাড়ী পৌরসভার কাটাবাড়ী গ্রামে। বাবা দিনেশ চন্দ্র বর্মণ দিনমজুর, মা দীপালী বর্মণ বাড়ির পাশে চকলেট কারখানায় কাজ করেন। ২০০৯ সালে এসএসসি পরীক্ষার আগে শ্যামলী সারা দিন চকলেটে কাগজ মোড়াতেন। আয়ের টাকা দিয়ে কেরোসিন কিনে রাতে পড়তেন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পান তিনি। শ্যামলীর মা দীপালী বর্মণ প্রথম আলোকে বলেন, ‘অভাবের সংসারের কারণে এসএসসি পাস করার পর বড় মেয়েটার বিয়ে দিয়েছি। শ্যামলীর বাবা একেও বিয়ে দিতে চেয়েছিল। আপনাদের দায় জীবনেও শোধ করতে পারব না।’ইলিয়াছ মিয়া: দরিদ্র ইলিয়াছ মিয়ার জন্ম হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রত্যন্ত গ্রাম লোহাজুড়িতে। প্রাথমিক শিক্ষার গন্ডি পার হওয়ার পর তাঁকে আর পড়াতেই চায়নি পরিবার। সেই ইলিয়াছ এসএসসির মতো এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। বানিয়াচংয়ের জনাব আলী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান বলেন, ইলিয়াছ প্রত্যন্ত এলাকার একটি দরিদ্র পরিবার থেকে নিজের চেষ্টায় এত দূর এসেছেন, সে আরও অনেক দূর যাবে। ইলিয়াছের মা আলেহা খাতুন বলেন, ‘আমাদের ছেলে ইলিয়াছ এখন আমাদের স্বপ্ন দেখাচ্ছে। সে বলছে, ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করবে।’ফেরদৌসী খাতুন: ফেরদৌসীকে পড়ানোর জন্য অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, রাস্তার মাটি কাটাসহ কোনো কাজই বাদ দেননি আলেয়া। মায়ের কষ্ট বৃথা যায়নি। কুড়িগ্রামের ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পান। ফেরদৌসী এবারের এইচএসসি পরীক্ষায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন।মেয়ের এত ভালো ফলাফলের পরও আলেয়ার চোখে আনন্দের সঙ্গে আর্থিক দুশ্চিন্তাও উঁকি মারে। তবু মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন তিনি। সুমি খাতুন: খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের সুমি খাতুনের মা সুফিয়া বেগম অন্যের খেত-খামারে কাজ করেন। খেয়ে না-খেয়ে পড়াশোনা করেন সুমি। ২০০৯ সালে এসএসসিতে পান জিপিএ-৫। প্রথম আলো ট্রাস্টের বৃত্তি পাওয়ায় শহরের বয়রা এলাকায় সরকারি মহিলা কলেজে পড়ার স্বপ্ন পূরণ হয় তাঁর। সেই সঙ্গে সফলও হন। এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সুমি জিপিএ-৫ পেয়েছেন।ফল ঘোষণার পর সুমি খাতুন বলেন, ‘প্রথম আলো পাশে না দাঁড়ালে আজ কোথায় থাকতাম জানি না।’আবু হোসেন: যশোরের কেশবপুর উপজেলার বায়সা গ্রামে আবু হোসেনের বাড়ি। বাবা আবু বক্করের মৃত্যুর পর তিন শিশুসন্তানকে নিয়ে মহা বিপদে পড়েন মা জয়নুর বেগম। জয়নুর পরের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাঁর বৃদ্ধ শ্বশুর (আবু হোসেনের দাদা) পরের জমিতে কামলা খাটেন। এসএসসি পরীক্ষার আগে আবুকেও অন্যের জমিতে কামলা দিতে হতো। ওই আবু এবার কেশবপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। আবুর মা জয়নুর বেগম বলেন, ‘এ দুই বছর প্রথম আলোর টাকা পেয়ে আবুর পড়ালেখা নিয়ে চিন্তামুক্ত ছিলাম। আবুর ইচ্ছা চিকিৎসক হবে। কিন্তু মেডিকেলে পড়া তো অনেক খরচ।’ নাসরিন সুলতানা: ২০০৫ সালে বাবা আমির হোসেনের মৃত্যুর পর নাসরিন সুলতানাদের পরিবারে আর্থিক অনটন শুরু হয়। বেতনের অভাবে ছাড়তে হয় বেসরকারি বিদ্যালয়। পরে অনেক কষ্টে চট্টগ্রাম নগরের পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি করানো হয় নাসরিনকে। বিনা বেতনে পড়লেও পড়ালেখার অন্যান্য খরচ চালাতে শুরু করেন টিউশনি। এসএসসির মতো এবার তিনি হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন।নাসরিন বলেন, ‘আমি এখন মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছি। একটু দোয়া করবেন, যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মিলন রহমান, বগুড়া; প্রণব বল, চট্টগ্রাম; অরূপ রায়, মানিকগঞ্জ; আজাদ রহমান, ঝিনাইদহ; কাজী আবদুল্লাহ, খুলনা; দিলীপ মোদক, কেশবপুর (যশোর); মোশাহেদ মিয়া, বানিয়াচং (হবিগঞ্জ); সিদ্দিকুর রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম); সাদেকুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর)]