জয় হোক গণিতের
একবার গণিত উত্সব শেষে আমরা ফিরছিলাম খুলনা থেকে। নিয়ম হলো, অনুষ্ঠানের আগের দিন বিকেলে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে রওনা হতে হয়। রাত ১২টায় গন্তব্য-শহরে পৌঁছে রাত্রিবাস। পরের দিন বিকেল পর্যন্ত গণিত উত্সব। সন্ধ্যার মধ্যে আবার মাইক্রোবাসে ঢাকায় যাত্রা। যে মাইক্রোবাসে ফিরছি তাতে ড. কায়কোবাদ আছেন, ড. মুহম্মদ জাফর ইকবাল আছেন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ গণিতবিদ আছেন। নির্জন মহাসড়ক ধরে আমরা ঢাকার দিকে আসছি। রাত বেশ গভীর। অনেকেই ঘুমে ঢুলছেন। হঠাত্ দেখি, আমাদের মাইক্রোবাস রাস্তার বাঁ পাশ থেকে সরে হড়হড় করে ডান দিকে যাচ্ছে। এই এই, করো কী! ড্রাইভার নড়ে বসল। সে ঘুমিয়ে পড়েছিল। ফিরে এসে আমি লিখেছিলাম, আমাদের শ্রেষ্ঠ গণিতবিদ দেশপ্রেমিক মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করে চলেছেন, কত বড় স্বপ্ন আর কত আন্তরিক অঙ্গীকার একেকজন মানুষ হূদয়ে পোষণ করলেই এত বড় শ্রম স্বীকার করা যায়, জীবনের ঝুঁকিও নেওয়া যায়!সেবার কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা নিরাপদেই ফিরে এসেছিলাম। কিন্তু এবার কিন্তু দুর্ঘটনা একটা ঘটেই গেছে। ড. মুহম্মদ জাফর ইকবাল আর শাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক রাশেদ তালুকদার ও অধ্যাপক সুজয় চক্রবর্তী মাইক্রোবাস নিয়ে যাত্রা করেছিলেন সিলেট থেকে কুমিল্লার দিকে; কুমিল্লা আঞ্চলিক গণিত উত্সবে যোগ দেবেন বলে। তাঁদের মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। মুহম্মদ জাফর ইকবাল পায়ে চোট পেয়েছেন। সুজয় চক্রবর্তী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবু এই শিক্ষকদের আন্তরিকতা আর আত্মনিবেদনের কমতি নেই। তাঁরা গণিত উত্সব করেই চলেছেন। তাতে সময় দেওয়া কমিয়ে দেননি। কারণ তাঁরা কাজটা নিজেদের জন্য করছেন না, করছেন দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, দেশের ভবিষ্যত্ কান্ডারিদের জন্য। তাঁদের স্বপ্ন কেবল পুরস্কার পাওয়া নয়, পদক তো ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে গতবারই এসেছে। তাঁদের স্বপ্ন সুন্দর বাংলাদেশ। জ্ঞানভিত্তিক সমাজ। আলোকিত দেশ। বাংলাদেশের কোটি কোটি তরুণ হূদয় যেন একেকটা প্রদীপ। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্যরা সেই কোটি কোটি প্রাণপ্রদীপে আলোক-সংযোগ ঘটাচ্ছেন। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার তাই শেষ নেই।শুধু এই শিক্ষকেরা নন, সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা, শিক্ষার্থীরা, বন্ধুসভার সদস্যরা, স্বেচ্ছাসেবকেরা, অভিভাবকেরা অনেক কষ্ট স্বীকার করেন এই উত্সবের জন্য। আর সবচেয়ে বড় ভূমিকা রাখে শিক্ষার্থীরা নিজেরাই। তাদের অনেকেই আসে দূর-দূরান্ত থেকে, বহু পথ পাড়ি দিয়ে, পথের কষ্ট, খাওয়ার কষ্ট তারা হাসিমুখে অগ্রাহ্য করে। তারা চমত্কার প্রশ্ন করে, সহাস্য-বদনে সবকিছুতে অংশ নিয়ে অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তোলে। তাদের উত্সাহ দেখলে বড় আশা জাগে মনে। বাংলাদেশটা যে এগিয়ে যাবেই, সেই প্রত্যয়টা জোরদার হয়। গণিত উত্সব আর গণিত অলিম্পিয়াড কমিটির জয় হোক, জয় হোক গণিতের, আলোকিত হোক বাংলাদেশ।