জয়নাল আবদিনের বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার এ আদেশ দেন। শুনানি শেষে আদালত এ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।নিজেকে রাজনৈতিক বিশ্লেষক পরিচয় দিয়ে এ এইচ এম আমিনুল নামের এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সকালে মামলাটি করেন।মামলার আরজিতে বাদী বলেন, ১১ মার্চ জয়নাল আবদিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। এতে জয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই তিনি মানহানির মামলাটি করেছেন।গতকাল ২৩ মার্চ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি আবদুল মালেকের করা আরেকটি মানহানির মামলায় জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।এর আগে ২২ মার্চ পৃথক ছয়টি মানহানির মামলায় জয়নাল আবদিনকে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়। জয়নাল আবদিন সশরীরে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট এ আদেশ দেন।জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত—জয়নাল আবদিনের এমন বক্তব্যে জয়ের মানহানি হয়েছে, এই অভিযোগে ওই ছয়টি মামলা দায়ের করা হয় শরীয়তপুর, নীলফামারী, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও পাবনায়।