জয়নাল আবদিনের বিরুদ্ধে করা ৭ মামলা ৬ মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিনের বিরুদ্ধে করা সাতটি মানহানি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।একই বিষয়ে একাধিক মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে জয়নাল আবেদনের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে মামলাগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন।আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং যে সাতটি আদালতে মানহানির মামলা করা হয়েছে সেসব আদালতকে রুলের জবাব দিতে বলা হয়েছে।জয়নাল আবদিনের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানান, মানহানির অভিযোগে বিভিন্ন জায়গায় জয়নাল আবদিনের বিরুদ্ধে ২১টি মামলা করা হয়। এর মধ্যে হাইকোর্ট আজ সাতটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন।প্রসঙ্গত, গত ১১ ও ১২ মার্চ জাতীয় সংসদে ও অন্য একটি অনুষ্ঠান জয়নাল আবদিন বলেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। এমন বক্তব্যে জয়ের মানহানি হয়েছে মর্মে ১৫ মার্চ শরীয়তপুরে; ১৬ মার্চ নীলফামারী ও সিলেটে; ১৮ মার্চ পাবনা, বগুড়া ও রংপুরে এবং ২৪ মার্চ ঢাকায় জয়নাল আবদিনের বিরুদ্ধে মামলা সাতটি করা হয়।