জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার এ আদেশ দেন।বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি আবদুল মালেক বাদী হয়ে আজ আদালতে মানহানির মামলা করেন। শুনানি শেষে আদালত এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বাদী তাঁর মামলায় অভিযোগ করেন, ১১ মার্চ জয়নাল আবদিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। বাদী উল্লেখ করেন, জয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার চেয়ারপারসন। তাই জয়ের বিরুদ্ধে এমন অভিযোগে জয়ের পাশাপাশি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুনাম ও ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই তিনি মানহানির মামলা করেছেন।এর আগে গতকাল সোমবার পৃথক ছয়টি মানহানির মামলায় জয়নাল আবদিন ফারুককে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে। জয়নাল আবদিন সশরীরে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট এ আদেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত—ফারুকের এমন বক্তব্যে জয়ের মানহানির অভিযোগ এনে শরীয়তপুর, নীলফামারী, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও পাবনায় পৃথক ছয়টি মানহানির মামলা করা হয়।