জয়নাল আবদিনের বিরুদ্ধে সাতটি মানহানি মামলা চলবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে করা সাতটি মানহানি মামলার কার্যক্রম চলবে। মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা আজ মঙ্গলবার ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন। এর ফলে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। আদালতে জয়নাল আবদিনের পক্ষে আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম মিয়া। আর সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান। খন্দকার দিলিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করায় জয়নাল আবদিনের বিরুদ্ধে ওই সাতটি মানহানির মামলা চলতে আর কোনো বাধা নেই। এক ঘটনায় একাধিক মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে জয়নাল আবদিনের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৮ মে হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে আদেশ দেন। মামলা সাতটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেন । উল্লেখ্য,‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যবসা করেন’—গত ১২ মার্চ জয়নাল আবদিন এমন মন্তব্য করেন। এ ঘটনায় মানহানির অভিযোগে ১৫ থেকে ২৪ মার্চ শরীয়তপুর, নীলফামারী, সিলেট, পাবনা, বগুড়া, রংপুর ও ঢাকায় জয়নাল আবদিনের বিরুদ্ধে মামলাগুলো হয়।