জয়নুল আবদিন আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বিরোধী দলের চিফ হুইপের আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখিত। বিরোধী দলের সদস্য এভাবে আহত হবেন, এটা কেউ আশা করেনি। বিরোধী দলের চিফ হুইপের চিকিত্সার ব্যাপারে আমি নিজেই খোঁজখবর নিচ্ছি।’জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তৃতায় আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপের বিষয়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় সত্যিই আমি দুঃখিত। তবে একজন সংসদ সদস্য নিজেই ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করবেন, পুলিশকে মারধর করবেন, এটা কেউ আশা করে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘তার পরও যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। আমি নিজে তাঁর চিকিত্সার বিষয়ে খোঁজখবর রাখছি। সংসদ সদস্যদের কাছ থেকে সুন্দর ও ভদ্র আচরণ আশা করে জনগণ।’জাতীয় সংসদের এই অধিবেশনকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অসাংবিধানিক পথে আর ক্ষমতা দখল নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণকে আবার সব ক্ষমতার মালিক করে দিলাম।’ তিনি বলেন, ‘অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের অভিশাপ থেকে আমরা জনগণকে চিরতরে মুক্তি দিতে পারলাম।’ তিনি আরও বলেন, ‘জনগণের ম্যানডেট পেয়েই আমরা এই পরিবর্তন এনেছি।’সংবিধান থেকে সৃষ্টিকর্তার নাম মুছে ফেলা হয়েছে বলে কিছু ধর্মভিত্তিক দল যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের অনুভূতিকে ধারণ করে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়েছে। কিন্তু কয়েকটি দল আল্লাহর নাম তুলে নেওয়া হয়েছে জিকির তুলে হরতাল ডেকেছেন।’ তিনি বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিমের মাঝে আল্লাহকে খুঁজে না পেলে হরতালের মাঝে খুঁজে পাবেন? আল্লাহ থাকে হূদয়ে। ওনারা ওনাদের হূদয়ে আল্লাহকে খুঁজে না পেলে হরতাল দিয়ে কী হবে?’ তিনি বলেন, সংবিধানে সব ধর্মের অধিকার নিশ্চিত করা হয়েছে।সংবিধানে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যে নেতার নেতৃত্বে একটি দেশ পেয়েছি, তাঁর ছবি থাকবে, সেটাই আমরা নিশ্চিত করেছি।’বিগত সরকারের সময়ে সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রী ছবি টাঙানো বাধ্যবাধকতার বিষয়টি বাতিল করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর বিষয়টি তো নির্বাহী আদেশেই করা যায়। প্রধানমন্ত্রী হয়ে আমি চাই না, আমার ছবি থাকুক। দরকার নেই।’সংবিধানে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘৭৫-এর পর ইতিহাস বিকৃতির যে ধারা সূচিত হয়েছিল, তা চিরতরে বন্ধ হয়ে যাবে।’সংবিধান সংশোধনের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে সুপ্রিম কোর্টের রায়, আরেক দিকে নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্ব। তা সমন্বয় করেই সংবিধান সংশোধন করা হয়েছে।’হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘হরতাল করে মানুষকে ব্যবসা করতে দিচ্ছেন না। অন্যদিকে নিজেদের প্রতিষ্ঠান খোলা রাখছেন। মানুষের সাথে আর কত প্রতারণা করবেন?’শেয়ারবাজারে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জজ মিয়ার নাটক সাজাতে চেয়েছিল। এখন এই অপপ্রচারের রহস্য বেরিয়ে এসেছে তদন্ত প্রতিবেদন থেকে।’