জয়নুল আবদিনের ওপর হামলায় স্পিকারের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিনের ওপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। স্পিকার জানিয়েছেন, এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেবেন।এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, এ ঘটনায় কেউ বাড়াবাড়ি করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।হরতাল চলাকালে জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিরোধীদলীয় সাংসদেরা আজ বুধবার সন্ধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করতে গেলে তিনি দুঃখ প্রকাশ করেন। পরে স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের জানান, ঘটনা খতিয়ে দেখতে এবং কেন তা ঘটল, জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখবেন তিনি।সাক্ষাতের সময় বিরোধীদলীয় সাংসদেরা স্পিকারের কাছে একটি স্মারকলিপিও দেন। এতে বলা হয়, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করার সময় বিনা উসকানিতে পুলিশের দুই কর্মকর্তা জয়নুল আবদিনের ওপর হামলা করেন। ফারুক ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’ বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।স্মারকলিপিতে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারসহ জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।এর আগে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের সাংসদদের পক্ষে এম মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, পুলিশের হামলাকারী দুই কর্মকর্তা ছাত্রলীগের সাবেক ক্যাডার। সরকারের প্রত্যক্ষ মদদেই জয়নুল আবদিনের প্রাণনাশের জন্য তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সাংসদসহ বিরোধী দলের ১৭ জন সাংসদ উপস্থিত ছিলেন। এ ঘটনার প্রতিবাদে কাল বৃহস্পতিবার সকাল নয়টায় জাতীয় সংসদের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে জানানো হয়।বাড়াবাড়ি থাকলে ব্যবস্থা: হরতালে পুলিশের লাঠিপেটায় জয়নুল আবদিনের আহত হওয়ার ঘটনা ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেছেন, কেউ বাড়াবাড়ি করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জয়নুল আবদিন সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তিনি বলেন, ‘মিছিল করার সময় বিএনপির নেতা-কর্মীরা ডিসি, এডিসিসহ পুলিশ সদস্যদের উদ্দেশ করে কটূক্তি করেন এবং চড়-থাপড় দিতে উদ্যত হন।...আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পুলিশ সংসদ ভবন এলাকায় মিছিল না করার জন্য তাঁদের অনুরোধ জানিয়েছিল। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হওয়ায় এ ঘটনা ঘটেছে।এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের অনভিপ্রেত ঘটনা যেন পুনরায় না ঘটে, সে জন্য দায়িত্বশীল ব্যক্তিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’