বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের আহত হওয়ার ঘটনা তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, খালেদা জিয়ার দুর্নীতিবাজ ছেলেদের রক্ষা এবং জনজীবন দুর্বিষহ করতে বিরোধী দল এই হরতাল ডেকেছে। জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে। নগরে বাস-অটোরিকশা চলেছে। বিরোধী দলের সদস্যদের মালিকানাধীন গার্মেন্টসসহ মোট ৭৫টি গার্মেন্টস খোলা ছিল। বিরোধী দলের আহত চিফ হুইপ জয়নুল আবদিনের জেএএফ সোয়েটার ফ্যাক্টরি এবং ড্যাব গার্মেন্টস খোলা ছিল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জয়নুল আবদিন ফারুক মানিক মিয়া এভিনিউতে কর্তব্যরত পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিএনপির নারী সাংসদ এবং ফারুক পুলিশ সদস্যদের তুই-তুকারি করে গালি দেন। ফারুক নিজে গাড়ি ভাঙচুর করেছেন, গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়েছেন। প্রথম আলোতে এ ছবি ছাপা হয়েছে। এ সময় পুলিশের উপকমিশনার (ডিসি) তাঁকে নিবৃত্ত করতে গেলে তিনি তাঁকে লাঞ্ছিত করেন। এরপর পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফারুককে নিবৃত্ত করতে এলে তিনি তাঁকেও লাঞ্ছিত করেন এবং ক্ষমতায় গেলে তাঁকে চাকরিচ্যুত করার হুমকিও দেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হলে তিনি মাটিতে পড়ে মাথায় আঘাত পান। এ ঘটনার জন্য আমি দুঃখিত।জাতীয় সংসদের পবিত্রতা রক্ষায় বিরোধীদলীয় সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সাহারা খাতুন বলেন, সংসদে অধিবেশন চলা অবস্থায় এর আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। এ অবস্থায় বিরোধী দলের সদস্যরা সংসদ এলাকায় এমন একটি দুর্ঘটনা ঘটালেন।এ বক্তব্যের পর ঘটনা তদন্তের অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কাম্য নয়।