ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পী শারমিন জামানের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘স্মৃতিকথন’। প্রদর্শনীতে ২৬টি চিত্রকর্ম উপস্থাপিত হয়েছে। প্রতিটি ছবিই আঁকা হয়েছে মিশ্র মাধ্যমে, ক্যানভাস ও কাগজে।শারমিন জামানের চিত্রকর্মের মূল বিষয় নারী ও শিশু। শিল্পীর মতে, ‘পুরোনো দেয়ালে শ্যাওলা জমে যেসব ছবি তৈরি হয়, সেসব ছবি থেকেই আমার চিত্রকর্মের প্রেরণা পেয়েছি। এই প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি ছবির পেছনে একেকটি গল্প আছে। বিশেষ করে নারীর আর্থসামাজিক অবস্থা আমার চিত্রকর্মের মূল বিষয়বস্তু।’আলো ও ছায়ার প্রহেলিকায় তাঁর ছবিতে উঠে আসে জীবনের নানা রূপ। শৈশব আর স্মৃতিকাতরতাও বারবার ফিরে আসে। ছবিগুলোর মধ্যে রং, রেখা, পরিসর আর বিষয়ের ভারসাম্য; শক্তিশালী ড্রয়িংয়ের মাধ্যমে উপস্থাপনের কৌশল এবং এসবের সমন্বয় আর মিথষ্ক্রিয়াও চমৎকার। ২৬ অক্টোবর এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশিদ। প্রদর্শনী চলবে আগামী বুধবার পর্যন্ত।আসামে বাংলাদেশের চিত্রকলা প্রদর্শনীবাংলাদেশের ১১ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে শুরু হয়েছে ‘রিদম অব কালারস’ শীর্ষক প্রদর্শনী। ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, তাহেরা চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, কালিদাস কর্মকার, মাহমুদুল হক, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, আহমেদ সামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য্য ও মাকসুদা ইকবাল নীপার চিত্রকর্ম স্থান পেয়েছে।রংপুরে ভাওয়াইয়া রজনীনিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, ‘রংপুর হামার রঙে ভরা রে’, ‘ও কি ও বন্ধু কাজল ভোমরা রে’, ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’—এমনই অনেক মাটি ও মানুষের প্রাণের ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে রংপুরে দুই দিনব্যাপী ভাওয়াইয়া রজনী শেষ হয়েছে।ভাওয়াইয়াসম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার ও গত শনিবার রংপুরে ভাওয়াইয়া একাডেমি টাউন হলে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।এ অঞ্চলের ভাওয়াইয়াশিল্পী ও শ্রোতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে টাউন হল চত্বর। স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশবরেণ্য ভাওয়াইয়া শিল্পীরাও অতিথি হিসেবে এখানে অংশ নিয়ে গান গেয়েছেন। দর্শকশ্রোতা প্রাণভরে উপভোগ করেছে তাদের এলাকার প্রিয় সংগীত। শিল্পীদের মধ্যে ছিলেন ঢাকার ভাওয়াইয়া একাডেমির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাদিরা বেগম, মহাসচিব আজিজুল ইসলাম এবং রংপুর অঞ্চলের সিরাজুল ইসলাম, বিশ্বনাথ মহন্ত, রওশন আরা, সুনীল সরকার, রঞ্জিত কুমার, রহিমা খাতুন, মাহমুদা আক্তার প্রমুখ।অনুষ্ঠানে ছয়জন শিল্পীকে আব্বাসউদ্দীন সম্মাননা পদক প্রদান করা হয়েছে।