জয়পুরহাট-আক্কেলপুর সড়কে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে। যেকোনো সময় এসব গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। পৌর সদরের কেশবপুর মহল্লার নজরুল ইসলাম বলেন, পৌর এলাকার তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত নবাবগঞ্জ সেতুর সড়কের দুই পাশে বড় বড় গর্ত হয়েছে। সেখানে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। সরেজমিনে দেখা গেছে, ২০ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষায় ওই সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে এসব গর্তের সৃষ্টি হয়। মাটি ভরাট না করায় এরই মধ্যে সড়কে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, সড়কটির সাত কিলোমিটারজুড়ে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়। উপজেলার জামালগঞ্জ সেতু ও পৌর সদরের নবাবগঞ্জ সেতুর দুই পাশে এ রকম বিপজ্জনক গর্ত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এসব গর্তের আশপাশে কোনো চিহ্ন দেয়নি। এ কারণে যানবাহনের চালকেরা এসব গর্তের কাছে গিয়ে হঠাৎ করেই গতি রোধ করায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাতে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ ও যানবাহন গর্তে পড়ছে। পৌর সদরের চারমাথা মোড়ের ফার্নিচার ব্যবসায়ী শামীম হোসেন জানান, প্রায় দুই মাস আগে বৃষ্টিতে নবাবগঞ্জ সেতুর উভয় পাশের মাটি সরে যায়। প্রথমে ছোট গর্ত সৃষ্টি হয়ে ধীরে ধীরে তা বেড়ে যাচ্ছে।পৌর মেয়র কামরুজ্জামান কমল বলেন, সড়কটি পৌর এলাকার মধ্যে হলেও এটি দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। সড়কের সৃষ্ট গর্তগুলো ভরাটের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। জয়পুরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া প্রথম আলোকে জানান, বর্ষার কারণে সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত এগুলো মেরামত করা হবে।