জয়পুরহাট-বগুড়া রুটে ৩ দিন ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটর মালিক সমিতির বিরোধের জের ধরে জয়পুরহাট-বগুড়া রুটে সরাসরি বাস চলাচল গত শনিবার থেকে বন্ধ রয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঈদের আগে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।বগুড়ার মালিকদের দুটি বাস জয়পুরহাটের একটি রুটে চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে বগুড়া মোটর মালিক গ্রুপ জেলার সড়ক সীমানায় জয়পুরহাটের মালিকদের বাস চলাচল বন্ধ করে দেয়। বগুড়ার মালিকদের বাস তাঁদের জেলার শেষ সীমানা কালাই উপজেলার বাঁশের সেতুর পূর্ব পাশ পর্যন্ত চলাচল করছে। অন্যদিকে জয়পুরহাটের মালিকদের বাস কালাই উপজেলার বাঁশের সেতুর পশ্চিম পাশ পর্যন্ত চলাচল করছে।জয়পুরহাট বাস মালিক সমিতির সভাপতি সামিমুল হুদা চৌধুরী বলেন, কোনো আলাপ-আলোচনা না করেই বগুড়ার মালিকেরা একক সিদ্ধান্তে জয়পুরহাটের সঙ্গে সব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সান্তাহার-জয়পুরহাট রুটে বগুড়ার মালিকদের দুটি গাড়ি আলোচনা-সাপেক্ষে সাময়িক বন্ধ করে দেওয়া হলেও তাঁরা ক্ষিপ্ত হয়ে বগুড়ার সড়ক সীমানায় জয়পুরহাটের মালিকদের কোনো বাস ঢুকতে দিচ্ছেন না।কালাইয়ের একজন সরকারি কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, বগুড়া-জয়পুরহাট রুটে সরাসরি বাস যোগাযোগ বন্ধ হওয়ায় রোজার দিনে মাঝরাস্তায় বাসবদলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।