জয়পুরহাটে আওয়ামী লীগের ইউপি ও পৌর প্রার্থীর নাম ঘোষণা
জয়পুরহাট আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এসব প্রার্থী হালকা শীতের আবহাওয়ায় প্রচার-প্রচারণায় গরম করছেন নিজ নিজ এলাকা। কিন্তু যাঁরা জেলা কমিটি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পাননি, তেমন মনোনয়ন প্রত্যাশীরাও আছেন নির্বাচনী মাঠে। এখনই এসব প্রার্থী নির্বাচনী মাঠ ছাড়তে নারাজ।স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলেও পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করেছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ। জেলার চারটি পৌরসভার মধ্যে দুটি ও ৩২টি ইউনিয়নের মধ্যে ১৯টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জেলা আওয়ামী লীগের সূত্রে জানা গেছে। গত ২১ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের বাসভবনে ওই সব দলীয় মেয়র ও চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জেলার চারটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন জয়পুরহাট পৌরসভায় নন্দলাল পার্শী ও আক্কেলপুর পৌরসভায় সৈয়দ নাজমুল হুদা। পাঁচবিবি ও কালাই পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন বম্বু ইউনিয়নে মাহমুদ আলম মোল্লা, আমদই ইউনিয়নে শাহানুর আলম, দোগাছী ইউনিয়নে জহুরুল ইসলাম, মোহাম্মদাবাদ ইউনিয়নে আতাউর রহমান, পুরানাপৈল ইউনিয়নে নির্মল কুমার মণ্ডল ও ভাদসা ইউনিয়নে ইউনিয়নে হাতেম আলী মণ্ডল।পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নে লুৎফর রহমান চৌধুরী, ধরঞ্জী ইউনিয়নে গোলাম মোস্তফা, আওলাই ইউনিয়নে একরামুল হক চৌধুরী, আয়মা রসুলপুর ইউনিয়নের জাহিদুল আলম বেনু ও বাগজানা ইউনিয়নে ইউনুছ আলী।জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের প্রার্থী হলেন মাহমুদ আলম মোল্লা, আমদই ইউনিয়নে সাহানুর আলম, দোগাছী ইউনিয়নে জহুরুল ইসলাম, মোহাম্মাদাবাদ ইউনিয়নে আতাউর রহমান, পুরানাপৈল ইউনিয়নে নির্মল কুমার মণ্ডল ও ভাদসা ইউনিয়নের হাতেম আলী মণ্ডল।কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন উদয়পুর ইউনিয়নে আলতাফ হোসেন, পুনট ইউনিয়নে আবদুল কুদ্দুস ফকির ও মাত্রাই ইউনিয়নে আ ন ম শওকত হাবিব তালুকদার।ক্ষেতলাল উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন বড়াইল ইউনিয়নে খলিলুর রহমান ও ক্ষেতলাল সদর ইউনিয়নে জিল্লুর রহমান খান।আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন রুকিন্দিপুর ইউনিয়নে গোলাম মাহফুজ চৌধুরী, সোনামুখী ইউনিয়নে রাহেল ইমাম ও গোপীনাথপুর ইউনিয়নে আবু সাঈদ জোয়ার্দার।জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনিরুল শহীদ জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় নির্বাচন পর্যালোচনা কমিটি এ মনোনয়ন দেয়। এর আগে সম্ভাব্য প্রার্থীদের নিকট থেকে ১০৮টি আবেদনপত্র নেওয়া হয়। এর মধ্যে চারটি পৌরসভায় মেয়র পদে ১৪টি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর আবেদনপত্র ছিল ৯৪টি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় নির্বাচন পর্যালোচনা কমিটির সদস্যসচিব এস এম সোলায়মান আলী জানান, ১৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মেয়র ও চেয়ারম্যান প্রার্থীর নাম ডিসেম্বর মাসের মধ্যেই ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তের বাইরে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে জেলা কমিটি থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন পৌরসভার মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, জেলা কমিটির বা দলের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। তবে তিনি কেন্দ্রীয় কমিটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌরসভায় নির্বাচন করার জন্য আবেদন করবেন। নেত্রী বা দল যে সিদ্ধান্ত দেবেন, তা তিনি মেনে নেবেন।মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের সুজন কুমার মণ্ডল। তিনিও মনোয়ন পাননি। তিনি জানান, ইউপি নির্বাচন করার লক্ষ্যে তিনি এলাকাবাসীর সঙ্গে প্রার্থী হিসেবে জনসংযোগ অব্যাহত রেখেছেন। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে তখন প্রার্থী হবেন কি না, তা পরিস্থিতি বলে দেবে।ক্ষেতলাল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রমিকলীগের নেতা রুহুল আমিন জেলা আওয়ামী লীগের সমর্থন চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু মনোনয়ন পাননি। তিনি জানান, মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনী মাঠ ছাড়তে নারাজ। তাই জনসংযোগ অব্যাহত রেখেছেন।ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন এমন একাধিক আওয়ামী লীগের নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাননি। ভবিষ্যতে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হবেন কি না, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা নেননি। মনোনয়ন না পেলেও তাঁরা এলাকায় গণসংযোগ অব্যাহত রাখবেন।উল্লেখ্য, জয়পুরহাটের ৩২টি ইউনিয়নের মধ্যে ২১টিতে বিএনপির (চারদলীয় জোট) সমর্থিত চেয়ারম্যান রয়েছেন। চারটি পৌরসভার মধ্যে দুটিতে বিএনপি এবং দুটিতে আওয়ামী লীগের সমর্থিত মেয়র রয়েছেন।