জয়পুরহাটে কমছে আবাদি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে জেলার বিভিন্ন এলাকায় জমিতে রাস্তাঘাট, বাড়িঘড়, বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে ফসলি জমি কমে যাচ্ছে। এভাবে জমি কমতে থাকলে জেলায় খাদ্যশস্যের ঘাটতি দেখা দেবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৯৬ হাজার ৫৪৪ হেক্টর আবাদি জমি রয়েছে। গত ২৫ বছরে আবাদি জমির পরিমাণ কমেছে ১৫ হাজার ২৪৭ হেক্টর। বর্তমানে আবাদি জমি রয়েছে ৮১ হাজার ২৯৭ হেক্টর। ১৯৮৪ সালে জয়পুরহাট জেলা হওয়ার পর বিভিন্ন অফিস-আদালত এবং বাসাবাড়ির জন্য শহরের চারপাশের জমি সরকারি ও বেসরকারিভাবে কেনাবেচা শুরু হয়। জমির মালিকেরা বেশি দাম পাওয়ায় বাসাবাড়ি তৈরির জন্য ক্রেতাদের কাছে বিক্রি করছে। এ ছাড়া জেলা শহর থেকে উপজেলা শহরে যোগাযোগের ক্ষেত্রে রাস্তাঘাটের উন্নতি হওয়ায় ফসলি জমি কমে যাচ্ছে। ১৯৮৮ সালে জয়পুরহাট শহরের অদূরে দাদড়া জন্তিগ্রামে ১৫ একর জমি বিসিকের জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা হয়। এ জমিতে বিভিন্ন ফসল ফলত। অধিগ্রহণের পরও সেখানে সে রকম কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দাদড়া জন্তিগ্রামের বাসিন্দা আজাহার আলী জানান, তাঁদের আট বিঘা জমি বিসিক অধিগ্রহণ করে নিয়েছে। এই জমিতে ধান, পাটসহ বিভিন্ন ফসল আবাদ করা হতো। জয়পুরহাট শহরের পৌর এলাকা পাঁচুরচক গ্রামে এবং নতুনহাট এলাকার ধানশিরা মাঠের ধানি জমিতে এখন মানুষ বাসাবাড়ি গড়ে তুলছে। এই দুটি মাঠে বিপুল পরিমাণ জমি কেনাবেচা শুরু হয়েছে। গ্রাম থেকে আসা মানুষ বেশি দামে জমি কিনে বাসাবাড়ি তৈরি করছে। পাঁচুরচক গ্রামের আব্দুর রশিদ জানান, যেভাবে তাঁদের মাঠে ধানি জমি বিক্রি হচ্ছে তাতে আগামী পাঁচ-ছয় বছরে ওই মাঠে ধান লাগানোর আর কোনো জমি থাকবে না। জয়পুরহাটে বর্তমানে জনসংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৩৭ হাজার। এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যার চাপে আগামী দিনে আবাদি জমিতে বিরূপ প্রভাব পড়বে। সদর উপজেলার দুর্গাদহ বাজার দিন দিন বড় হয়ে ওঠায় বাজারের পাশে আবাদি জমিতে বিভিন্ন দোকানপাট গড়ে উঠছে। হরিপুর গ্রামের আমিনুর রহমান জানান, নেঙ্গাপীর বাজার একসময় খুবই ছোট ছিল। কিন্তু জেলায় রাস্তাঘাট উন্নত হওয়ায় সেই নেঙ্গাপীর বাজারের পাশের আবাদি জমিতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। জয়পুরহাট জেলার চারমাথা মোড়, সৈয়দ আলীর মোড়, হালির মোড় এ রকম বিভিন্ন রাস্তার পাশে ছোট-বড় বাজার গড়ে ওঠায় সেখানে আবাদি জমিতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। ফলে কৃষিজমি কমে আসছে। এ ছাড়া জেলায় ইটের চাহিদা বেড়ে যাওয়ায় জেলাজুড়ে ২০টি ইটভাটা তৈরিতেও বিপুল পরিমাণ আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। ওই সব জমিতে ইটভাটা তৈরি করে এবং বিভিন্ন গ্রাম থেকে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে ইট তৈরি করা হচ্ছে। ইটভাটা ও ফসলি জমির মাটি কেটে নেওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, শুধু জয়পুরহাট নয়, সারা দেশেই ফসলি জমি বিভিন্ন কারণে কমে যাচ্ছে। তবে জয়পুরহাট নতুন জেলা হিসেবে বিভিন্ন এলাকার মানুষ বাড়িঘর গড়ে তোলায় এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জয়পুরহাট জেলা আগামী দিনে খাদ্যশস্য উৎপাদনে পিছিয়ে পড়বে।