জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে ছাত্রীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে জয়পুরহাট সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী আমেনা খাতুনের (২০) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জয়পুরহাট রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।কলেজ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কলেজে যাওয়ার পথে রেলস্টেশনে প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে তিতুমীর আন্তনগর ট্রেনে আমেনা খাতুন কাটা পড়েন। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পা কেটে যায় এবং মাথায় আঘাত পান। জয়পুরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সায়মুন রেজা জানান, আমেনা বেগম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সম্মান শ্রেণীর ছাত্রী ছিলেন।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, আজ সকাল ১০টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী রূপসা আন্তনগর ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটি ২ নম্বর লাইনে আসছিল। এ সময় কলেজছাত্রী আমেনা বেগম মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে অসাবধানবশত ট্রেনে কাটা পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও জানান, নিহত আমেনা বেগম নওগাঁ জেলার বদলগাছী থানার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামের আহমেদুল ইসলামের মেয়ে।