জয়পুরহাটে তিন দিনে চারটি শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কের প্রদাহজনিত অসুখে আক্রান্ত হয়ে জয়পুরহাটে গত তিন দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের পরিবার ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব মৃত্যুর কথা জানা গেছে। সূত্র জানায়, গত শুক্রবার ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অনিক (৭) নামের এক শিশু এই অসুখে মারা যায়। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত মারা যায় আরও তিন শিশু। তারা হলো জয়পুরহাট পৌর এলাকার সরদারপাড়ার জাহাঙ্গীর হোসেনের সাত বছরের মেয়ে মরিয়ম, সদর উপজেলার চকদাদড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (৮) এবং ক্ষেতলাল উপজেলার ইকরগারা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শাকিলা বেগম (৯)। মরিয়ম শুক্রবার সকালে মারা যাওয়া অনিকের চাচাতো বোন। জয়পুরহাট জেলা সিভিল সার্জন মোজাম্মেল হক জানান, ‘চারটি শিশু মারা যাওয়ার ঘটনায় ঢাকা থেকে একটি তদন্ত দল এসে কাজ করছে। ওই শিশুরা মস্তিষ্ক প্রদাহ রোগে (এনকেফালাইটিস) আক্রান্ত হয়েছিল। এই রোগ ভাইরাস ও ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। কাজেই পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে ভাইরাসটি “নিপাহ” কি না।’ রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি দল বগুড়া, রাজশাহী ও জয়পুরহাটে পাঠানো হয়েছে। রক্তের নমুনা পরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে যে এটি নিপা ভাইরাস কি না।’ মৃত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ার আগে তারা খেজুরের রস খেয়েছিল।জয়পুরহাট হাসপাতাল ও মৃত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম গত শুক্রবার প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। তাকে সঙ্গে সঙ্গে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার গভীর রাতে মরিয়ম মারা যায়। একইভাবে আজ সকাল আটটায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায় তৌহিদুল ইসলাম। এদিকে ক্ষেতলাল উপজেলার ইকরগারা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শাকিলা ১০ দিন ধরে জ্বরে ভুগছিল। গত বৃহস্পতিবার তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার বিকেলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও চিকিত্সা দেওয়ার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে বাড়িতে ফেরত নিয়ে আসা হয়। ওই দিন সন্ধ্যায় সে মারা যায়।মাহমুদুর রহমান পরামর্শ দিয়ে বলেন, ‘এই রোগে আক্রান্ত পরিবারের সদস্যদের হাত-মুখ সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই খেজুরের রস পান করা যাবে না। ফলমূল খাওয়ার আগে অবশ্যই তা ধুয়ে পরিষ্কার করে খেতে হবে। পাখির খাওয়া ফলমূল খাওয়া যাবে না।