জয়পুরহাটে নিরাপত্তা ছিল শহরে, গ্রামে যেতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের এপ্রিলের কোনো এক সোমবার পাকিস্তানি সেনারা হত্যা করেছিল ক্ষুদা বালার (৭৫) স্বামী সুবল চন্দ্র বর্মণসহ তিন শতাধিক মানুষকে। এর ৪২ বছর পর গত ১ মার্চ রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে তাঁর বাড়ি। জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিরপুর পালপাড়ায় বাস ক্ষুদা বালার।একসময়ের হিন্দু অধ্যুষিত গ্রামটিতে এখন ক্ষুদা বালাসহ দুটি হিন্দু পরিবারের বাস। ক্ষুদা বালা বললেন, ‘একাত্তরের স্বাদ পানু এবার।’ পরিবারের বড় ছেলে সন্তোষ বর্মণ জানান, রাত সাড়ে ১১টার দিকে তাঁরা সবাই ঘুমাচ্ছিলেন। স্ত্রীর ডাকাডাকিতে উঠে দেখেন, তাঁর ও তাঁর ভাইয়ের ঘর পুড়ে যাচ্ছে। সবাই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন। ঘুম থেকে উঠতে না পারলে গুষ্টিসুদ্ধ মারা যেতেন।সম্পন্ন গৃহস্থ কৃষক পরিবারটির ৫০ মণ ধান, ২০ মণ আলুসহ ঘরের সব আসবাব আগুনে পুড়ে গেছে। তাঁরা এখনো বুঝতে পারছেন না, কে বা কারা ওই আগুন দিল। তবে ওই রাতের স্মৃতি ভুলতে পারছেন না। আতঙ্কে রাতে ঘুমাতে পারছেন না। পরিবারের নবম ও দশম শ্রেণীতে পড়ুয়া দুই মেয়েকে জয়পুরহাট শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এখনো তাঁদের বাড়িতে পুলিশ, প্রশাসন বা রাজনৈতিক দলের কেউ যাননি।পালপাড়া গ্রাম বুম্বা ইউনিয়নে। ১ মার্চ বুম্বা, আমদই এবং পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছয়টি গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। কুসুম্বা ইউনিয়ন পরিষদে বিএনপি এবং ওই দুটি ইউনিয়নের চেয়ারম্যানরা জামায়াতে ইসলামীর সমর্থক। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল হামলার সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ এনে বলেন, প্রশাসনের অবহেলার জন্যও ক্ষতি হয়েছে।তবে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন এ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশাসন কঠোর অবস্থানে ছিল। তবে শহরে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো রক্ষার দিকে বেশি নজর দিতে হয়েছে। গ্রাম পর্যায়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে পারেনি। একই কথা জানান পুলিশ সুপারও।জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়াল বলেন, প্রশাসনের পাশাপাশি সরকারি দল হিসেবে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে স্থানীয় আওয়ামী লীগ।এমন অভিযোগ পাঁচবিবি উপজেলার গোবিন্দপুর গ্রামের রতন কবিরাজেরও। তিনি অভিযোগ করেন, ১ মার্চ জুমার নামাজের পর কুসুম্বা ইউপির বিএনপি-সমর্থক চেয়ারম্যান আবদুল গফুরের নেতৃত্বে জামায়াত-বিএনপির লোকজন তাঁর বাড়িতে লুটপাট করে পুড়িয়ে দিয়েছে। সেদিন তাঁর বাড়িসহ নয়টি সংখ্যালঘু পরিবারের সর্বস্ব পুড়ে যায়। হামলাকারীদের দলে ছিলেন ইউনিয়ন জামায়াতের সুজাউল, ছামাদ আলী, বিএনপির কর্মী সোহেল, মাহফুজ।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে আবদুল গফুর মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই দিনের হামলায় তিনি বা তাঁর দলের কেউ জড়িত নন। স্থানীয়ভাবে রাজনৈতিক ফায়দা লোটার জন্য রতন কবিরাজ মিথ্যা অভিযোগ করেছেন।জামায়াতের নেতা সুজাউল ইসলাম মুঠোফোনে দাবি করেন, জামায়াত-শিবির এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। রায় ঘোষণার পর এলাকার কিছু সাঈদীভক্ত রাস্তায় নামে। তাদের মধ্যে কেউ এসব ঘটনা ঘটাতে পারে।আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের বাজারে প্রায় ৭০টি দোকান আছে। এর মধ্যে বেছে বেছে হিন্দুদের ১৯টি দোকান ভাঙচুর ও লুটপাট হয় গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ। নেপাল পালের বড় দোকান থেকে শুরু করে রিপন রবিদাসের ছোট্ট সেলুন—কোনোটিই বাদ যায়নি লুটপাট থেকে। নেপাল পাল বলেন, ‘একাত্তরের পর ১৯৯০ বা ’৯২ সালে কিংবা ২০০১ সালের সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হলেও মাধাইনগর বাজার অক্ষত ছিল। কিন্তু এবার রক্ষা পেল না।’আমদই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহনুর আলম বলেন, বাজার আক্রান্ত হওয়ার আগে সদর থানার ওসি ও পুলিশ সুপারকে একাধিকবার ফোন করা হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। হামলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাঁরা কিছু করতে পারেননি। তাঁর বাড়িতেও হামলা চালানো হয়।তবে জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম গত বৃহস্পতিবার বলেন, ‘জামায়াত-শিবির গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে। পর্যাপ্ত ফোর্স না থাকা এবং রাস্তায় প্রতিবন্ধকতা থাকায় পুলিশ গ্রামে যেতে পারেনি। তবে এখন আমরা সচেষ্ট আছি।’ তিনি জানান, রায়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরে পর্যাপ্ত ব্যবস্থা ছিল। তবে গ্রামে যে এমন ঘটনা ঘটবে, তা তাঁদের ধারণায় ছিল না। পুরো জেলায় গত এক সপ্তাহের সংঘাতের পর ছয়টি মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কাউকে আটক করা যায়নি।সহিংসতায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জেলা প্রশাসন এখনো নিরূপণ করতে পারেনি। শুধু সদর উপজেলায় প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন। প্রয়োজনের তুলনায় সাহায্য অপ্রতুল জানিয়ে তিনি বলেন, ‘যার ১০ টাকা ক্ষতি হয়েছে, তাকে হয়তো এক টাকা দিতে পারব। তাৎক্ষণিকভাবে কাউকে সাহায্য দেওয়ার মতো কিছু নেই।’সংখ্যালঘুদের অনেকে অভিযোগ করেন, হামলা ও লুটপাটের ঘটনা ঘটলেও আওয়ামী লীগ এসব তৎপরতা রোধে কোনো ভূমিকা নেয়নি। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, ‘সাঈদীর রায়ের পর জামায়াত-শিবির জঙ্গিভাবে মাঠে নামবে, তা ভাবতে পারিনি। তবে আমরা মাঠে নামলে দুই পক্ষের সংঘর্ষে আরও প্রাণহানি ঘটত। আমরা তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সাহায্য করেছি।’ তিনি বলেন, পুলিশ যেখানে যেতে পারছে না, সেখানে তাঁরা কীভাবে যাবেন?বিভিন্ন জায়গায় হামলায় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পৃক্ততার বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, কোনো হামলাতেই বিএনপির সংশ্লিষ্টতা ছিল না। বিএনপির বিরুদ্ধে অভিযোগকারীরা স্থানীয়ভাবে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।