জয়পুরহাটে পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন যুবলীগের এক নেতাকে গতকাল রোববার বাড়ি থেকে তুলে নিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই যুবলীগ নেতার নাম তৌহিদুল ইসলাম (২৮)। তিনি মাত্রাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।তৌহিদুল ইসলামের বাবা আফজাল হোসেন অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতা আবদুর রাজ্জাক, লুৎফর রহমান ও সাহাজাহানের নেতৃত্বে ১০-১২ জন তাঁর ছেলেকে হত্যা করেছেন। তবে রাজ্জাক বা অভিযোগ ওঠা অন্য কারো সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। কারণ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা আছে। তাঁরা এলাকাছাড়া। তিনি ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত বিয়ালা গ্রামের যুবলীগ নেতা তৌহিদুলকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে। পরে তারা তাঁর দুই পায়ের রগ কেটে দেয়। পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) শওকত হাবিবের লোকজন গত ৩০ মার্চ মাত্রাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলীর ছোট ভাই আলম মিয়াকে ইউপি কার্যালয়ে নিয়ে বেধড়ক মারধর করে। কালাই থানা পুলিশ খবর পেয়ে আলম মিয়াকে উদ্ধার করে। পরে তাঁকে হামলা ও ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার বিএপির কর্মীরা তৌহিদুলকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকেরা তৌহিদুলকে মারধর করে পায়ের রগ কেটে হত্যা করেছে। এর আগে বিএনপির এক নেতাকে মারধরের ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবীবুল আহসান তালুকদার বলেন, তৌহিদুলকে সকাল সাড়ে ১০টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর দুই পায়ের রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।