জয়পুরহাটে পুলিশের যাত্রীবাহী বাস জব্দের অভিযান
জয়পুরহাটে আজ শনিবার সকালে ‘পরিবহন জব্দ’ অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকটি যাত্রীবাহী বাস জব্দ করে পুলিশ লাইনে জড়ো করেছে পুলিশ। এর প্রতিবাদে বাস মালিকেরা দুপুর ১২টা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের পক্ষ থেকে ‘জব্দ অভিযান’ স্থগিত করা হয়। এক ঘণ্টা পর বেলা একটার দিকে জেলার সব রুটে বাস চলাচল শুরু হয়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসমালিক অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই জয়পুরহাটের পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাস জব্দ করে চালকদের হাতে ‘নথি’ ধরিয়ে দেয়। নথিতে ১২ মার্চ পর্যন্ত বাস জব্দ দেখানো হয়। বাসমালিকেরা অভিযোগ করেন, বিরোধী দল বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় ১২ মার্চের মহাসমাবেশে যাওয়ার জন্য যাতে কোনো বাস রিজার্ভ নিতে না পারে, সে জন্য পুলিশ এই অভিযান শুরু করেছে। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর নির্দেশে পুলিশ গণহারে বাস জব্দ অভিযান শুরু করেছে বলে বাসমালিকেরা অভিযোগ করেন।বাসমালিকদের কয়েকজন জানান, ব্যবসার কারণে অনেক বাসমালিক বিএনপির মহাসমাবেশে বাস ভাড়া দিতে আগাম টাকা নিয়েছিলেন। কিন্তু পুলিশের বাস জব্দ অভিযান শুরু হওয়ায় তাঁরা আগাম নেওয়া ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন।কালাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম বলেন, ‘মহাসমাবেশে নেতা-কর্মীদের নিয়ে যাওয়ার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি বাস ভাড়া করা হয়েছিল। কিন্তু আজ এসব বাসের মালিকেরা ভাড়া দিতে অপরাগতা প্রকাশ করেছেন। তাঁরা বিএনপিকে জানান, প্রশাসনের চাপে বাস ভাড়া দেওয়া যাচ্ছে না’।জয়পুরহাট-২ আসনের বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘১২ মার্চে ঢাকায় মহাসমাবেশ বানচালের জন্য সরকার পুলিশকে ব্যবহার করছে। নেতা-কর্মীরা যাতে মহাসমাবেশে যোগ দিতে না পারে, সে জন্য গণগ্রেপ্তার চালাচ্ছে পুলিশ। পুলিশ বাসমালিকদের ভয়ভীতি দেখানোর কারণে তাঁরা ভাড়ার আগাম টাকা ফেরত দিয়ে যাচ্ছেন।’জয়পুরহাট জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ সাধারণ সম্পাদক মোজাফফর রহমান বলেন, ‘মহাসমাবেশের কোনো যাত্রী পরিবহনে পুলিশ মৌখিকভাবে নিষেধ করলেও পারত। কিন্তু তা না করে পুলিশ গণহারে “যাত্রীবাহী বাস” জব্দ অভিযানে নামে।’ এদিকে জয়পুরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাহিদ পারভেজ প্রথম আলো অনলাইনকে বলেন, সরকারি প্রয়োজনে কয়েকটি বাস জব্দ করা হয়। বাসমালিকেরা আপত্তি জানানোর কারণে পরে জব্দ কার্যক্রম স্থগিত রাখা হয়।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো অনলাইনকে বলেন, ‘১২ মার্চ বিরোধী দলের ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ যাত্রীবাহী বাস জব্দ করছে এমন অভিযোগ সঠিক নয়। বিরোধী দলের মহাসমাবেশ ব্যাহত করতে পুলিশ কোনো প্রকার বাস জব্দের নির্দেশ পায়নি। বিচ্ছিন্নভাবে কিছু বাস জব্দের সাথে রাজনৈতিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই’।