জয়পুরহাটে মাদক ঢুকছে সীমান্ত দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের সীমান্ত জেলা হিসেবে জয়পুরহাট মাদকদ্রব্য পাচারের রুট হিসেবে ব্যবহূত হচ্ছে। এ জেলা হয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদকদ্রব্য ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। পাচারকারীরা সড়ক ও রেলপথকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জয়পুরহাট, নওগাঁর ধামইরহাট ও দিনাজপুর জেলার হিলি-হাকিমপুর এলাকার ৬৪ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদকদ্রব্য আসছে। পাচারের রুট হিসেবে সীমান্ত এলাকার মধ্যে রয়েছে আটাপাড়া, ভুঁইডোবা, উচনা, ঘোনাপাড়া, কয়া, চেঁচড়া, গোপালপুর প্রমুখ। এসব মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল থেকে শুরু করে যৌন উত্তেজক ওষুধ পর্যন্ত। এগুলো পরিবহনের ক্ষেত্রে পাচারকারীরা পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরও ব্যবহার করছে। তারা পাচারের ক্ষেত্রে নতুন নতুন কৌশল অবলম্বন করে বেশির ভাগ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার চোখ এড়িয়ে যাচ্ছে। পুরো জেলায় সাম্প্রতিক সময়ে মাদক ব্যাপকহারে বিস্তার লাভ করায় অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ হাই বলেন, দীর্ঘদিন থেকেই এ জেলা মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার হওয়ায় অভিভাবকেরা সন্তানদের নিয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন। বেকারত্ব, সঙ্গদোষসহ কতিপয় অভিভাবকের অসচেতনতায় এলাকার তরুণ, যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। জয়পুরহাট র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট এলাকা থেকে ৯৪৪ বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করে। একই দিনে বিডিআরের টহল দল গ্রাম আটাপাড়া থেকে ৭৯ লাখ ৩৫ হাজার ২০০ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট আটক করে। তবে এ অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। গত ২৪ মে বিডিআর দুই হাজার ৯৬৮ বোতল ফেনসিডিল হিলির লোহাছড়া গ্রাম থেকে আটক করে। গত ২৯ এপ্রিল র‌্যাব সদস্যরা জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে তিন হাজার বোতল ফেনসিডিল আটক করে। গত ২৮ এপ্রিল র‌্যাব পাঁচবিবির শালবন দীঘিরপাড় এলাকা থেকে র‌্যাব ৫৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করে। গত ২৫ মে ১৮৭ বোতলসহ আটাপাড়া রেলগেট এলাকা থেকে সুমন ও তোফাজ্জল নামে দুজনকে র‌্যাব গ্রেপ্তার করে। র‌্যাব গত ১৩ এপ্রিল পাঁচবিবি বড় মানিক ব্রিজের পাশে ১০৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করে। গত ২৫ মে হরিপুর এলাকা থেকে ৬০১ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে র‌্যাব। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মিজানুর রহমান জানান, জয়পুরহাটে আদালতগুলোয় বিপুলসংখ্যক মাদক চোরাচালান মামলা রয়েছে। দুর্বল মামলা ও সাক্ষীর অভাবে অনেক সময় আসামিরা খালাস পেয়ে যায়। পরে ওই সব আসামি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। জয়পুরহাট র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক (এএসপি) শরীফ উদ্দীন জানান, মাদক চোরাচালান রোধে অভিযান অব্যাহত রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না পারলে মাদকের বিস্তার রোধ সম্ভব হবে না।